সুচিত্রার পৈতৃক বাড়ি থেকে ইনস্টিটিউট উচ্ছেদে বাধা নেই

পাবনার গোপালপুরে মহানায়িকা সুচিত্রা সেনের পৈতৃক বাড়িটি রক্ষা ও ‘সুচিত্রা স্মৃতি সংগ্রহশালা’ নির্মাণ করতে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে করা আবেদন (লি টু আপিল) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
আজ রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
ফলে সেখানে থাকা ইমাম গাযযালী ইনস্টিটিউটকে উচ্ছেদে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। তিনি প্রথম আলোকে বলেন, আপিল বিভাগ ‘লিভ টু আপিল’ খারিজ করে দিয়েছেন। ফলে প্রায় ২২ শতাংশ জায়গাজুড়ে থাকা সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি রক্ষা, সংরক্ষণ ও সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা নির্মাণে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকল।
আইনজীবী সূত্র জানায়, পৈতৃক ওই বাড়িটি ইমাম গাযযালী ইনস্টিটিউটকে এক সনার (এক বছরের) জন্য লিজ দেওয়া হয়। ১৯৮৭ সালে ওই লিজ দেওয়া হয়। এরপর ২০০৯ সালের ২২ জুন ইনস্টিটিউটটিকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে ইনস্টিটিউটের পক্ষ থেকে ওই বছরই হাইকোর্টে রিট করা হয়।
রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল দেন। চূড়ান্ত শুনানি নিয়ে ২০১১ সালের ১৮ আগস্ট হাইকোর্ট আবেদন খারিজ করে রায় দেন। একই সঙ্গে সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা নির্মাণে সরকারের সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়ন করতে এবং সাংস্কৃতিক অঙ্গনে অবদান বিবেচনা করে সুচিত্রা সেনের জন্মস্থান রক্ষা ও সংরক্ষণ করতে বলা হয়।
এই রায়ের বিরুদ্ধে ২০১১ সালে ইনস্টিটিউটের ট্রাস্টি আইয়ুব হোসেন খান লিভ টু আপিল করেন। লিভ টু আপিলের শুনানি শেষে আজ আদালত তা খারিজ করে এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। তাঁর সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। লিভ টু আপিলের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী।