সুচিত্রার বাড়ি দখলমুক্ত করতে আর বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় মহানায়িকা সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি রক্ষায় ও ‘সুচিত্রা স্মৃতি সংগ্রহশালা’ স্থাপনে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। গতকাল রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
ফলে বাড়িটির দখলে থাকা ইমাম গাযযালী ইনস্টিটিউটকে উচ্ছেদে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। তিনি প্রথম আলোকে বলেন, লিভ টু আপিল খারিজ হওয়ায় সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি রক্ষা, সংরক্ষণ ও সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা স্থাপনে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকল। সেখানে সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা স্থাপনে আর কোনো বাধা থাকল না।
২০১১ সালের ২১ আগস্ট হাইকোর্ট এক রায়ে সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা প্রতিষ্ঠা করতে সরকারের সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়ন এবং সুচিত্রা সেনের জন্মস্থান রক্ষা ও সংরক্ষণ করতে বলা হয়।
সুচিত্রা সেনের এই পৈতৃক বাড়ি পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে। বাড়িটিতে তিনি শৈশব ও কৈশোরকাল কাটিয়েছেন। ১৯৪৭ সালে তিনি এ বাড়ি ছেড়ে সপরিবারে কলকাতা চলে যান। চলতি বছরের ১৭ জানুয়ারি সুচিত্রা সেন মারা যান।
আইনজীবী সূত্র জানায়, ১৯৮৭ সালে তৎকালীন পাবনার জেলা প্রশাসক ইমাম গাযযালী ট্রাস্ট নামে একটি প্রতিষ্ঠানকে বাড়িটি বাৎসরিক (এক সনার) ইজারা দেন। ট্রাস্ট বাড়িটিতে ইমাম গাযযালী ইনস্টিটিউট নামে একটি স্কুল প্রতিষ্ঠা করে। ২০০৯ সালের ২২ জুন প্রতিষ্ঠানটিকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। এ নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠানের পক্ষে ওই বছরই হাইকোর্টে রিট করা হলে আদালত রুল ও অন্তর্বর্তীকালীন আদেশ দেন। ২০১১ সালের ১৩ জুলাই ‘জামায়াতের কবল থেকে মুক্ত হচ্ছে না সুচিত্রার বাড়ি’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এর ভিত্তিতে বাড়িটি দখলমুক্ত করতে নির্দেশনা চেয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ হাইকোর্টে রিট করলে অপর একটি দ্বৈত বেঞ্চ ২৬ জুলাই রুল ও বাড়িটি দখলমুক্ত করতে অন্তর্বর্তীকালীন আদেশ দেন।
আইনজীবী সূত্র জানায়, পরে বিষয়টি আপিল বিভাগে যায়। আপিল বিভাগ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে পৃথক রুল নিষ্পত্তির জন্য পাঠান। ২০১১ সালের ২১ আগস্ট হাইকোর্ট রিট আবেদন দুটি খারিজ করে ওই রায় দেন। এ রায়ের বিরুদ্ধে ওই বছরই ট্রাস্টের পক্ষে আইয়ুব হোসেন খান পৃথক লিভ টু আপিল করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। লিভ টু আপিলের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী।
পাবনা অফিস জানায়, আপিলের অনুমতি চেয়ে করা আবেদন খারিজ হওয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সুচিত্রা সেন সঞ্চৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি এম সাইদুল হক প্রথম আলোকে বলেন, ‘জামায়াত নানা কৌশলে এটি দখলে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এ রায়ের মধ্য দিয়ে তাদের সেই চেষ্টার অবসান ঘটল। আমরা অবিলম্বে বাড়িটি দখলমুক্ত করে সেখানে সুচিত্রা সেন সংগ্রহশালা তৈরির কাজ শুরুর দাবি জানাই।’
নাট্যসংগঠন পাবনা ড্রামা সার্কেলের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান বলেন, ‘দেরিতে হলেও তাঁর সঞ্চৃতিরক্ষায় বাড়িটি দখলমুক্ত করতে উচ্চ আদালতের রায়ে আমরা আনন্দিত।’