
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি প্রয়াত সুচিত্রা সেনের পাবনার পৈতৃক বাড়িটিকে স্বল্প পরিসরে সংগ্রহশালা করে প্রতিদিন বিকেলে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে। পাবনা জেলা প্রশাসন নিজস্ব উদ্যোগে ৬ এপ্রিল থেকে এই কার্যক্রম শুরু করেছে।
তবে স্বল্প পরিসরে ও স্বল্প সময়ের জন্য নয়, সমৃদ্ধ সংগ্রহশালা তৈরি করে সার্বক্ষণিক বাড়িটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখার দাবি করেছে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ।
২০১৪ সালে দখলমুক্তির পর দীর্ঘদিন বাড়িটি তালাবদ্ধ ছিল। জৌলুশ হারাচ্ছিল বাড়ির অবকাঠামো। ৬ এপ্রিল সুচিত্রা সেনের জন্মদিন উপলক্ষে বাড়িটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে রং করা হয়েছে। একই সঙ্গে স্বল্প পরিসরে সংগ্রহশালা তৈরির মধ্য দিয়ে ওই দিন থেকে প্রতিদিন বিকেলে বাড়িটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হচ্ছে।
গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, নতুন রঙে চকচক করছে পুরো বাড়ি। প্রধান ফটকে সাইনবোর্ডে লেখা হয়েছে মহানায়িকা সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা। সামনের আঙিনায় করা হয়েছে ফুলের বাগান। ভেতরের কক্ষগুলো সাজানো হয়েছে সুচিত্রা সেনের ছবি, জীবনী, চলচ্চিত্রের তালিকা, জনপ্রিয় গান আর সংলাপ লেখা ফেস্টুন দিয়ে। জেলা প্রশাসনের একজন কর্মচারী এসব দেখভালের দায়িত্বে রয়েছেন।
পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো বলেন, ‘আমরা সংগ্রহশালাটি সমৃদ্ধ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেশে-বিদেশে ভক্তদের কাছে সুচিত্রা সেনের স্মৃতিবিজড়িত কোনো দ্রব্য, চলচ্চিত্র ও ছবি থাকলে তা সংগ্রহশালায় প্রদানের আহ্বান জানাচ্ছি।’
নাট্য সংগঠন পাবনা ড্রামা সার্কেলের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের দাবি ছিল বাড়িটিতে একটি ফিল্ম আর্কাইভ অথবা ফিল্ম ইনস্টিটিউট করা হোক। এর কোনোটাই এখনো বাস্তবায়িত হয়নি।’
এ প্রসঙ্গে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি এম সাইদুল হক বলেন, ‘বাড়িটিকে ঘিরে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমি বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। আশা করছি সংশ্লিষ্ট ব্যক্তিরা আন্তরিকভাবে সেগুলো বাস্তবায়ন করবেন।’
পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি। এই বাড়িতে তিনি শৈশব ও কৈশোর কাটিয়েছেন। ১৯৪৭ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর তিনি কলকাতায় চলে যান। বাবা করুণাময় দাশগুপ্ত তখন পাবনা পৌরসভায় চাকরি করতেন। ১৯৫১ সালে তিনি অবসর নেন। ১৯৬০ সালে তিনি বাড়িটি জেলা প্রশাসনের কাছে ভাড়া দিয়ে সপরিবার কলকাতায় চলে যান। ১৯৮৭ সাল থেকে ইজারার মাধ্যমে বাড়িটি দখলে নেন জামায়াতের নেতারা। ২০১৪ সালে বাড়িটি দখলমুক্ত হয়। বর্তমানে বাড়িটি পাবনা জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।