সুচিত্রার ষাটের দশকের ফ্যাশন এখন আধুনিক: তথ্যমন্ত্রী
বাংলা চলচ্চিত্রের মহানায়িকা ও পাবনার কন্যা সুচিত্রা সেনকে দেখে বর্তমান নারীদের অনেক কিছু শেখার আছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ষাটের দশকে সুচিত্রার ফ্যাশন সচেতনতা এখনো আধুনিক।
সুচিত্রা সেনের স্মরণে পাঁচ দিনব্যাপী ‘সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসবের’ চতুর্থ দিনে আজ শনিবার প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। শহরের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করেছে পাবনা জেলা প্রশাসন ও সুচিত্র সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ। উৎসবে সহযোগিতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
তথ্যমন্ত্রী বলেন, সুচিত্রা সেনের পৈতৃক বাড়িটি ধর্মান্ধ জামায়াতের কবল থেকে মুক্ত হয়েছে। বাড়িটিতে সুচিত্রা সেনের নামে ফিল্ম আর্কাইভ, সংগ্রহশালা, ফিল্ম ইনস্টিটিউট, মিলনায়তনসহ বহু কিছু করার দাবি উঠেছে। আমরা এই দাবির সঙ্গে একমত। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সুচিত্রা সেনের ভক্ত। তাই সব দাবির সমন্বয়ে সুচিত্রা সেনের পাবনার পৈতৃক বাড়িতে একটি আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র করা হবে। যেখানে সবকিছুই থাকবে।
হাসানুল হক ইনু বলেন, সুচিত্রা সেন বাংলাভাষা ও বাংলাদেশকে পৃথিবীময় পরিচিত করেছেন। তাই তার প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই আমরা সুচিত্রা সেনকে স্মরণীয় করে রাখব।
সুচিত্রা সেনের ফ্যাশন সচেতনতা নিয়ে তথ্যমন্ত্রী বলেন, সুচিত্রা সেনকে দেখে বর্তমান নারীদের অনেক কিছু শেখার আছে। ষাটের দশকে তার ফ্যাশন সচেতনতা এখনো আধুনিক। তাঁর কথা বলা, হাঁটা, শাড়ি পরা, হাসির মধ্যে আলাদা কিছু রয়েছে, যা অনুকরণীয়।
আজ বিকেল সাড়ে ৪টার দিকে ‘সুচিত্রা সেনের অভিনয় শৈলী ও ফ্যাশন সচেতনতা’ বিষয়ে সেমিনারের মধ্যদিয়ে শুরু হয় চতুর্থ দিনের অনুষ্ঠান। এরপর পরিবেশন করা হয় সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্রের গান।
আলোচনা পর্বে পাবনার জেলা প্রশাসক ও সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক রেখা রানী বালোর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা-৩ আসনের সাংসদ মকবুল হোসেন, হিউম্যান রাইটস অ্যান্ড পিচ ফর বাংলাদেশের চেয়ারম্যান মনজিল মোরসেদ, চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা আজিম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড ফিল্ম বিভাগের প্রভাষক মনোজ কুমার প্রামাণিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আমিনুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক সিফাত রহমান ও প্রথম আলোর পাবনা প্রতিনিধি সরোয়ার মোর্শেদ।
আলোচনা অনুষ্ঠান শেষে সুচিত্রা সেন অভিনীত ‘হসপিটাল’ ছবিটি প্রদর্শন করা হয়।
আগামীকাল রোববার উৎসবের সমাপনী দিনে প্রদর্শন করা হবে সুচিত্রা সেন অভিনীত ‘সাগরিকা’ চলচ্চিত্রটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর উপস্থিত থাকার কথা রয়েছে।