সুজন চায় দাদির কাছে ফিরতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুজন
সুজন

রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের পাংশা আজিজ সরদারের বাসস্ট্যান্ড থেকে সুজন নামের ছয় বছরের ছেলেশিশু পাওয়া গেছে। বাড়ির ঠিকানা সে জানে না। শুধু বলছে পাংশায়। তার বাবার নাম ইউসুব আলী ও মায়ের নাম হাসিনা বেগম। তবে মা-বাবা বেঁচে নেই। দাদিই তাকে লালনপালন করতেন। সেই দাদির কাছেই ফিরতে চায় সুজন।
সুজন বর্তমানে পাংশার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা ও কাপড় ব্যবসায়ী শেখ সোহরাব হোসেনের বাড়িতে আছে। তিনিই ৭ ফেব্রুয়ারি রাতে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের পাংশা আজিজ সরদারের বাসস্ট্যান্ডে সুজনকে কুড়িয়ে পান। এ ঘটনায় বুধবার রাতে পাংশা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সোহরাব হোসেন প্রথম আলোকে বলেন, ৭ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে সুজন বাসস্ট্যান্ডে এদিক-সেদিক ঘোরাঘুরি করছিল। বিষয়টি তাঁর নজরে এলে এগিয়ে গিয়ে তার সঙ্গে কথা বলেন। সে জানায়, প্রায় ১০ দিন আগে এক ব্যক্তির সঙ্গে ঢাকা গিয়েছিল। আবার পাংশায় ফিরে এসেছে। কিন্তু পাংশার কোথায় যে তার বাড়ি, তা সে জানে না। সুজনের স্বজনদের খুঁজে পেতে তথ্য দিয়ে সহযোগিতা দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন তিনি।
জিডির সত্যতা নিশ্চিত করে পাংশা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইলিয়াস খান বলেন, ‘আমরা শিশুটির স্বজনদের খুঁজে বের করার চেষ্টা করছি।’