সুজন হত্যার বিচারের দাবিতে শাহবাগে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী সহিংসতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সুজন মৃধা হত্যার বিচারের দাবিতে গতকাল সোমবার বিকেল থেকে প্রায় তিন ঘণ্টা রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী।
বিকেল চারটার দিকে অবরোধ শুরু হলে ব্যস্ততম শাহবাগ মোড় দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মোড়ের বিভিন্ন পাশে আটকা পড়ে কয়েক শ যান। সন্ধ্যা সাতটার দিকে তাঁরা অবরোধ প্রত্যাহার করে ক্যাম্পাসে চলে গেলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে থাকে। একই দাবিতে আজ মঙ্গলবার বেলা ১১টায় শাহবাগে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারীদের আহ্বায়ক সৈকত কুমার সাংবাদিকদের সামনে চারটি দাবি তুলে ধরেন। এগুলো হলো সুজন মৃধা হত্যার বিচার বিভাগীয় তদন্ত করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা, ‘সুজন মৃধা ব্যালট চুরি করতে গিয়ে সংঘর্ষে মারা গেছে’ বলে পুলিশের মিথ্যাচারমূলক বক্তব্য প্রত্যাহার, সুজনের পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং তাঁর পরিবারের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা।
গত ৩১ মার্চ ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটের দিন মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গণনার সময় গুলিতে নিহত হন সুজন মৃধা।