সুজনের জয়

তাঁকে সবাই সুজন নামেই চেনেন। পুরো নাম সুজন রহমান। থাকেন কুষ্টিয়া শহরের পিসি লাহেরী সড়কের ৯/৪ বাসায়। এক ভাই ও এক বোন। মা গৃহিণী আর বাবা মতিয়ার রহমান একটি বেসরকারি কোম্পানির অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
সুজন বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত শিল্পী। ঘরের আলমারিতে সাজানো আছে জাতীয় পর্যায়ের ৩৫টি পুরস্কার। ৩ অক্টোবর তিনি কুষ্টিয়া শিল্পকলা একাডেমীতে জেলা সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। একজন সাধারণ সুজনের পক্ষে এ রকম হওয়াটা অস্বাভাবিক কিছু না। কিন্তু দৃষ্টিপ্রতিবন্ধী সুজনের ক্ষেত্রে এটা বড় পাওয়া।
গত বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব-উল ফেরদৌসের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে চাকরিতে যোগ দেন সুজন রহমান। সঙ্গে ছিলেন মা তাছলিমা বেগম। সুজন তাঁর মাকে ছাড়া একদমই একা। বলতে গেলে মায়ের সাহায্যেই এত দূর এসেছেন।
তাছলিমা বেগম জানান, ছোটবেলা থেকেই গানের প্রতি সুজনের আগ্রহ। পড়াশোনার প্রতিও ঝোঁক ছিল। সে জন্য তিনি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছায়ার মতো থেকে তাঁকে পড়ালেখা করিয়েছেন। ২০১১ সালে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সুজন লোকপ্রশাসনে স্নাতকোত্তর পাস করেন। এরপর চাকরি। এ জন্য মা হিসেবে তিনি গর্বিত। ছোট মেয়ে তামান্ন আফরিন ঢাকায় ইংরেজি বিষয়ে পড়াশোনা করছেন।
তাছলিমা বেগম আরও জানান, গত জুলাই মাসে সারা দেশে ৩৭ জন কালচারাল কর্মকর্তা নিয়োগ করা হয়। এর মধ্যে সুজন একজন। ১৮ জুলাই তিনি ঢাকায় সংস্কৃতি মন্ত্রণালয়ে যোগ দেন। পরে কুষ্টিয়ায় তাঁকে পদায়ন করা হয়।
সুজন রহমান বলেন, ‘সংগ্রাম, আত্মবিশ্বাস আর সৎ সাহস থাকলে জীবনে কোনো কিছুই অসম্ভব নয়। যে শিল্পকলা একাডেমীতে একসময় ছাত্র ছিলাম, সেই শিল্পকলার কর্মকর্তা—এটা ভাবতেই মন ভরে উঠছে। চাকরিতে প্রথম আবেদন, সেই আবেদনেই চাকরি, সেটার প্রাপ্তিও অনেক।’
মুজিব-উল ফেরদৌস প্রথম আলোকে বলেন, সুজন সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর আত্মবিশ্বাস দেখে সমাজের আরও অনেকে অনুপ্রাণিত হবেন।