সুজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা করেছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী এক চেয়ারম্যান পদপ্রার্থী। গতকাল রোববার দুপুরে রাজশাহীর আমলি আদালত-১-এ মামলাটি করেন সালাহ উদ্দিন বিশ্বাস। ১৫ মার্চ গোদাগাড়ী উপজেলায় নির্বাচন হয়। সালাহ উদ্দিন বিশ্বাস ভোট পান ৭৪৩টি। তাঁর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
সুজনের সভাপতি হাফিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারকে আসামি করে মামলাটি করেছেন সালাহ উদ্দিন বিশ্বাস। আরজিতে তিনি অভিযোগ করেছেন, সুজন নির্বাচনের আগে তাঁর নির্বাচনী এলাকায় প্রার্থীদের তথ্য প্রচার করেছিল। সেখানে প্রার্থী হিসেবে তাঁর নাম ছিল না। এতে তাঁর ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। বিচারক আবদুল মতিন শুনানির জন্য আগামী ৭ এপ্রিল মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন।
সালাহ উদ্দিন বিশ্বাস প্রথম আলোকে বলেন, নির্বাচনের আগে সুজন প্রার্থীদের তথ্য প্রচার করলেও সেখানে তাঁর নাম ছিল না। তখন তিনি সুজনের কর্মকর্তাদের বলেছিলেন, তাঁরা (সুজন) ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠান করে তাঁর প্রার্থিতার বিষয়টি পরিষ্কার করতে পারেন। তাহলে তিনি বিষয়টি মেনে নেবেন। কিন্তু তাঁরা সেই অনুষ্ঠানের আয়োজন করেননি। এতে এলাকার ভোটাররা ধরে নেন যে তিনি প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এর আগে ১৭ মার্চ ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে তিনি আসামিদের নামে উকিল নোটিশ পাঠিয়েছিলেন।
যোগাযোগ করা হলে সুজনের রাজশাহী অঞ্চলের সমন্বয়কারী সুব্রত কুমার পাল বলেন, ২৩ মার্চ তাঁরা উকিল নোটিশের জবাব দিয়েছেন। রেজিস্ট্রি ডাকযোগে তা পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে হলফনামার তথ্য না থাকায় সুজনের পক্ষ থেকে তাঁর (সালাহ উদ্দিন) তথ্য প্রকাশ করা সম্ভব হয়নি।