সুজনের মৃত্যুতে শাহবাগে অবরোধ সহপাঠীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুজন মৃধার মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে আধা ঘণ্টা সড়ক অবরোধ করেছেন তাঁর সহপাঠীরা।
গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাতটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে অবরোধকারীরা নিজেরাই রাস্তা ছেড়ে দেন। এরপর তাঁরা বিচারের দাবিতে শাহবাগ থানার ফটকের সামনে আরও কিছুক্ষণ অবস্থান নেন।
গত ৩১ মার্চ মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নে ভোট গণনার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সুজন মৃধা মারা যান। সুজন দক্ষিণ বিরাঙ্গল গ্রামের বাচ্চু মৃধার ছেলে। তাঁর দাদা মোতালেব মৃধা ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন করায় ভোট দিতে এলাকায় গিয়েছিলেন তিনি। ভোট গণনা নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে পুলিশের গুলিতে সুজন মারা যান বলে সুজনের পরিবার ও বন্ধুদের অভিযোগ।
শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সুজনের সহপাঠীরা জড়ো হন। পরে সাড়ে ছয়টার দিকে শতাধিক ছাত্র শাহবাগ মোড়ে এসে সড়ক অবরোধ করেন।