সুজাতপুর ইউপির নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছে জেলা নির্বাচন কার্যালয়।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বানিয়াচং উপজেলার সুজাতপুরসহ ১৪টি ইউপির নির্বাচন ২৩ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২-এর উপসচিব মো. সামছুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে জেলা নির্বাচন কর্মকর্তাকে সুজাতপুরের ভোটার তালিকা পুনর্বিন্যাস করে পঞ্চম পর্যায়ের তফসিলে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়।
হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, যাঁরা জামানতসহ মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাঁদের নতুন করে মনোনয়ন জমা দিতে হবে না। পাশাপাশি ভোটার তালিকা পুনর্বিন্যাস শেষে পরবর্তী তফসিল ঘোষণা হলে সেই সময় যে কেউ এ নির্বাচনে অংশ নিতে পারবেন।