সুজাতা হত্যাকারীর ফাঁসির দাবি
চতুর্থ শ্রেণীর আদিবাসী ছাত্রী সুজাতা চাকমার হত্যাকারীর ফাঁসির দাবিতে গতকাল শনিবার রাঙামাটির লংগদু উপজেলায় পাহাড়ি-বাঙালি সর্বস্তরের মানুষের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। পরে প্রধানমন্ত্রীর বরাবর একটি সঞ্চারকলিপি দেওয়া হয়। লংগদু উপজেলা নাগরিক কমিটির ব্যানারে উপজেলা পরিষদ কার্যালয় মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জনসংহতি সমিতি এ সমাবেশে একাত্মতা প্রকাশ করে। জানা গেছে, বেলা ১১টার দিকে লংগদু উপজেলার দেড় হাজারের বেশি পাহাড়ি-বাঙালি নারী-পুরুষ উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা পরিষদ কার্যালয় মাঠে এসে সমাবেশ করে। উপজেলার সোনাইছড়ি মৌজার হেডম্যান প্রেমলাল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, আটরকছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা, নারীনেত্রী চম্পা চাকমা প্রমুখ। ইব্রাহীম এলাহি নামের এক ব্যক্তি গত বুধবার লংগদু উপজেলার আটরকছড়া ইউনিয়নের উল্টোছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী সুজাতা চাকমাকে ধর্ষণের পর হত্যা করে বলে অভিযোগ ওঠে। পরদিন সকালে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাঁকে আটক করে। তিনি বর্তমানে লংগদু থানাহাজতে রয়েছেন। আজ রোববার ইব্রাহীম এলাহিকে রাঙামাটি জেলা জজ আদালতে আনা হবে বলে জানিয়েছেন লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক।