সুজানগর, মির্জাপুরে আ.লীগ ও যুবলীগের ছয় নেতা বহিষ্কৃত
পাবনার সুজানগর ও টাঙ্গাইলের মির্জাপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় আওয়ামী লীগ ও যুবলীগের ছয়জন নেতাকে বহিষ্কার করা হয়েছে।সুজানগর পৌরসভা নির্বাচনে দল-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে কাজ করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগ ও যুবলীগের চারজন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত শনিবার দুপুরে সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের মথুরাপুর উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃত ব্যক্তিরা হলেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম বন্দে আলী, উপজেলা যুবলীগের সহসভাপতি ও মেয়র পদপ্রার্থী রাজা হাসান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও মেয়র পদপ্রার্থী তোফাজ্জল হোসেন এবং উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আজিজুল হক।সভা শেষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওহাব প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ সুজানগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেমকে সমর্থন দিয়েছে। কিন্তু বহিষ্কৃত এসব নেতা দলের সিদ্ধান্ত ভঙ্গ করেছেন। তাই দল থেকে তাঁদের বহিষ্কার করা হয়েছে।এদিকে দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচনে অংশ নেওয়ায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌরসভার মেয়র মোশারফ হোসেন এবং কার্যকরী সদস্য শহীদুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত রোববার স্থানীয় সাংসদ একাব্বর হোসেনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সভায় গঠনতন্ত্রের ৪৬(চ) ধারা মোতাবেক তাঁদের বহিষ্কার করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।ভূঞাপুরে বিএনপি থেকে বহিষ্কারটাঙ্গাইল অফিস জানায়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে পৌর নির্বাচনে অংশ নেওয়ায় টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার মেয়র এবং উপজেলা বিএনপির কার্যকরী কমিটির সদস্য আবদুল খালেক মণ্ডলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত রোববার ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি মো. রমজান আলী ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা এবং ভূঞাপুর পৌর বিএনপির সভাপতি মোমরেজ আলী খান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তৃণমূল নেতৃবৃন্দের মতামতের ওপর ভিত্তি করে ভূঞাপুর পৌরসভায় মো. জাহাঙ্গীর হোসেনকে বিএনপি দলীয় মেয়র প্রার্থী মনোনীত করা হয়। কিন্তু আবদুল খালেক মণ্ডল দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিয়ে প্রচারণা চালাচ্ছিলেন। এতে দলীয় প্রার্থীর নির্বাচন ক্ষতিগ্রস্ত হওয়ায় এই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’