টেন্ডারবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম ও সম্পাদক আবদুল ওয়াহাবের পক্ষের মধ্যে দ্বন্দ্ব চরমে উঠেছে। গত বুধবার সকালে এলজিইডির একটি কাজের দরপত্র দাখিল নিয়ে এই দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছে। দলীয় একাধিক সূত্রে জানা গেছে, বিগত উপজেলা নির্বাচনে সভাপতি ও সম্পাদক আলাদা দুজন প্রার্থীকে সমর্থন দেওয়ায় তাঁদের মধ্য দ্বন্দ্ব শুরু হয়। পরে সম্পাদক সমর্থিত প্রার্থী নির্বাচনে জয়ী হন। এরপর থেকে এক পক্ষ কোনো কাজে সমর্থন করলে অপর পক্ষ তাতে বাধা দিতে থাকে। এই বিরোধের জের ধরে এবং স্থানীয় সুজানগর বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত সেপ্টেম্বরে খুন হন সভাপতি আবুল কাশেম পক্ষের সমর্থক, যুবলীগের কর্মী আবু বকর। এ ঘটনায় আবু বকরের ভাই বাবুল আক্তার বাদী হয়ে সম্পাদক আবদুল ওয়াহাবকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা করেন। এরপর ওয়াহাবের পক্ষের উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন বাদী হয়ে আবুল কাশেমের পক্ষের নেতা-কর্মীদের আসামি করে ভাঙচুরের মামলা করেন। সর্বশেষ গত বুধবার উপজেলার গাজনার বিল উন্নয়নে এলজিইডির একটি প্রকল্পের কাজের দরপত্র জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ এনে সভাপতি ও সম্পাদকের পক্ষ পাল্টাপাল্টি মামলা করে। আবদুল ওয়াহাবের দায়ের করা মামলায় সভাপতি আবুল কাশেমের ছয় ছেলেসহ নয়জনকে আসামি করা হয়। অপর দিকে সম্পাদক আবদুল ওয়াহাবসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন সভাপতির বড় ছেলে বুলবুল হোসেন। আবদুল ওয়াহাব বলেন, সভাপতি অকারণে নিজের আধিপত্য জাহির করার জন্য আমার সঙ্গে বিরোধে লিপ্ত হয়েছেন। মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করছেন।একই ধরনের অভিযোগ করে সভাপতি আবুল কাশেম বলেন, আমি কোনো কাজ করতে গেলে আবদুল ওয়াহাব আমার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। তিনি আমার ছয় ছেলেকে আসামি করে মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানির চেষ্টা করছেন।সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম বলেন, ‘উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এই জের ধরে এসব ঘটনা ঘটছে। থানায় দুটি পৃথক মামলা হয়েছে। আমরা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।’