সুজানগরে গণহত্যায় নেতৃত্ব দেন সুবহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২৬তম সাক্ষী আনিসুর রহমান। মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার গ্রন্থাগারিক আনিসুর রহমান জবানবন্দিতে বলেন, একাত্তরে সুবহানের নেতৃত্বে পাবনার সুজানগর থানায় গণহত্যা হয়েছিল।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আনিসুর এই মামলায় জব্দ তালিকার প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন। জাতীয় গণতদন্ত কমিশনের প্রতিবেদনের উল্লেখ করে তিনি জবানবন্দিতে বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে পাবনা জেলা শান্তি কমিটির সাধারণ সম্পাদক ছিলেন সুবহান। পরে অবশ্য আরেকটি কমিটি গঠন করা হয়, সুবহান ওই কমিটির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পান। একাত্তরের মে মাসের প্রথম দিকে সুজানগর থানায় গণহত্যা হয়েছিল, যাতে সুবহান নেতৃত্ব দিয়েছিলেন।
আনিসুর রহমান জানান, গণতদন্ত কমিশনের প্রতিবেদনগুলো সুবহানের বিরুদ্ধে তদন্ত চলাকালে পর্যায়ক্রমে সংগ্রহ করা হয়। তিনি তদন্ত সংস্থার গ্রন্থাগারে এগুলো সংরক্ষণ করেছেন। ২০১৩ সালের ১৫ জুলাই তদন্ত কর্মকর্তা নূর হোসেন এগুলো জব্দ করেন।
জবানবন্দি শেষে আনিসুরকে জেরা করে আসামিপক্ষ। সুবহান এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন। এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজ বুধবার দিন ধার্য করা হয়েছে।
আজহারের পক্ষে যুক্তি উপস্থাপন চলছে: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপন চলছে। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল তৃতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবী আবদুস সুবহান তরফদার। আজহারের পক্ষে যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ বুধবার পর্যন্ত মুলতবি করা হয়।
গত ১৮ থেকে ২৬ আগস্ট পর্যন্ত ছয় কার্যদিবসে আজহারের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করে রাষ্টপক্ষ। উভয় পক্ষের যুক্তি উপস্থাপনের মধ্য দিয়ে এই মামলার বিচারিক কার্যক্রম শেষ হবে। পরে রায়ের দিন ধার্য করবেন ট্রাইব্যুনাল।