সুজানগরে পাল্টাপাল্টি ধাওয়া, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া পাবনার সাতটি পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। পৌরসভাগুলো হলো পাবনা সদর, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, সাঁথিয়া, সুজানগর ও ঈশ্বরদী।
ককটেল বিস্ফোরণ, গুলি, পাল্টাপাল্টি ধাওয়া ও কেন্দ্র দখলের ঘটনা ঘটেছে সুজানগরে। ওই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। ভোট কেটে (সিল মেরে) পালানোর সময় র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) চারজনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল বুধবার সকাল আটটায় ভোট গ্রহণ শুরুর পরে পৌরসভার ১০টি ভোটকেন্দ্র উত্তপ্ত হতে থাকে। আওয়ামী লীগ-মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওহাব ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী বর্তমান মেয়র ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের সমর্থকেরা ভোটকেন্দ্রের পাশে অবস্থান নেন। দুপুর ১২টায় ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের মধ্য দিয়ে শুরু হয় বিশৃঙ্খলা। এ সময় ১২টি ককটেল বিস্ফোরণের শব্দ ও কেন্দ্রের বাইরে মৃদু ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে র্যা ব ও বিজিবির ভ্রাম্যমাণ দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুপুর সাড়ে ১২টার দিকে একই ঘটনা ঘটে সুজানগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ কেন্দ্রে। দুই পক্ষের সমর্থকেরা পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট কাটা শুরু করে। এ সময় র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যা ব লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পালানোর সময় র্যা বের সদস্যরা সেলিম, রফিক, শেখর আহম্মেদ ও ইকবাল নামে চারজনকে আটক করে। আটক ব্যক্তিরা আওয়ামী লীগের প্রার্থী আবদুল ওহাবের সমর্থক বলে জানান।
বেলা দেড়টার দিকে আবারও ৭১ নম্বর নিয়োগীর বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গোলযোগ শুরু হয়। কেন্দ্রটিতে প্রায় ঘণ্টাব্যাপী আওয়ামী লীগ ও দলের ‘বিদ্রোহী’ প্রার্থীদের সমর্থকের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এরপর থেকে শুরু হয় ভোট কাটা।
কেন্দ্রগুলোতে সরেজমিন দেখা গেল, ঘটনাগুলোতে পুলিশের নীরব ভূমিকা। তাদের উপস্থিতিতেই কেন্দ্রের মধ্যে ভোট কাটছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সমর্থকেরা। গণমাধ্যমকর্মীরা কেন্দ্রে ঢুকতে চাইলেই তাতে বাধা দিচ্ছে পুলিশ।