সুজানগরে পিটুনিতে স্কুলছাত্র নিহত
পেঁয়াজের জমিতে পানি দেওয়া নিয়ে বিরোধের জের ধরে পাবনার সুজানগর উপজেলার মধুপুর পূর্বপাড়া গ্রামে প্রতিপক্ষের পিটুনিতে বিপ্লব হোসেন (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।গত রোববার সন্ধ্যায় আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল মঙ্গলবার সকালে সে মারা যায়। বিপ্লব ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং স্থানীয় মধুপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। এলাকাবাসী ও পুলিশ জানায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে বিপ্লব তার চাচার জমির ওপর দিয়ে পাইপ নিয়ে নিজের জমিতে পানি দিচ্ছিল। বিষয়টি দেখতে পেয়ে বিপ্লবের চাচা সুলতান হোসেন ক্ষিপ্ত হন। এতে চাচার সঙ্গে বিপ্লবের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে চাচাতো ভাইয়েরা বিপ্লবকে বেদম পিটুনি দেয়। পরে আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি ঘটলে গত সোমবার সকালে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল আটটার দিকে সে মারা যায়। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম বলেন, বিপ্লবের বাবা আটজনকে আসামি করে একটি মামলা করেছেন। লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে। তবে ঘটনার পর থেকে তারা পলাতক থাকায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।