সুজানগরে স্ত্রীকে হত্যার অভিযোগ
পাবনার সুজানগর উপজেলার জোড়পুকুুরিয়া গ্রামে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যা বলে চালানোর চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকালে ঝুলন্ত অবস্থায় সীমা খাতুনের (২৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত সীমার বাবা বাদী হয়ে সুজানগর থানায় একটি হত্যা মামলা করেছেন।সীমা খাতুনের বাবা উপজেলার চরগোবিন্দপুর গ্রামের খোরশেদ আলম জানান, গত বছরের জুন মাসে জোড়পুকুরিয়া গ্রামের রেজাউল করিমের (২৮) সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়। বিয়ের সময় তিনি জানতেন না রেজাউল বিবাহিত। পরে বিষয়টি জানাজানি হলে রেজাউল প্রথম স্ত্রীকে গ্রামে রেখে সীমাকে নিয়ে ঢাকায় চলে যান। কিন্তু বিষয়টি তাঁর প্রথম স্ত্রী ও পরিবারের সদস্যরা মেনে নিতে পারেনি। এ নিয়ে সীমার সঙ্গে তাঁর পরিবারের বিবাদ শুরু হয়। পারিবারিক কলহের জের ধরে তিনি সীমার ওপর অত্যাচার শুরু করেন। একপর্যায়ে গত ফেব্রুয়ারিতে সীমা তাঁর বাবার বাড়িতে চলে আসেন। ৮ মার্চ রেজাউল পুনরায় তাঁকে তাঁর বাড়িতে নিয়ে যান। শুক্রবার রাতেও তাঁদের মধ্যে ঝগড়া হয়। গতকাল সকাল সাড়ে আটটার দিকে ঘরে ঝুলন্ত অবস্থায় সীমার লাশ পাওয়া যায়। সীমার বাবা অভিযোগ করেন, রেজাউল তাঁর মেয়েকে হত্যার পর আত্মহত্যা বলে চালানোর জন্য ঘরে ঝুলিয়ে রেখেছিলেন। ঘটনার পর তাঁকে খুঁজে পাওয়া যায়নি।সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল হক বলেন, ধারণা করা হচ্ছে, হত্যার পর আত্মহত্যা বলে চালানোর জন্য গলায় দড়ি দিয়ে লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল।