সুজিত মহাজনকে জেরা শেষ করেছে আসামিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ৩১তম সাক্ষী সুজিত মহাজনকে গতকাল মঙ্গলবার আসামিপক্ষ জেরা শেষ করেছে। ২ মে এ মামলায় রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল সুজিতকে জেরা করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক। এ সময় আসামির কাঠগড়ায় সাকা চৌধুরী হাজির ছিলেন।চট্টগ্রামের রাউজান থানার উনসত্তরপাড়ার সুজিত মহাজন গত সোমবার জবানবন্দিতে বলেছিলেন, মুক্তিযুদ্ধকালে তাঁর বাবা ও ভাইকে ধরে নিয়ে হত্যা করা হয়। মায়ের কাছে তিনি শুনেছেন, এ সময় পাকিস্তানি সেনাদের সঙ্গে সাকা চৌধুরী ছিলেন।রুস্তমের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়নি: একই ট্রাইব্যুনালে গতকাল রাষ্ট্রপক্ষ জানিয়েছে, পটুয়াখালীর রুস্তম আলী শিকদারের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে না।গতকাল তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য দিনে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ বলেন, প্রতিবেদনে রুস্তম আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ৩(২) ধারা অনুসারে মানবতাবিরোধী অপরাধের কোনো অভিযোগ পাওয়া যায়নি। এতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার মতো উপাদান নেই।ট্রাইব্যুনাল বলেন, আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে না চাইলে এ বিষয়ে রাষ্ট্রপক্ষকে আবেদন দিতে হবে। কৌঁসুলি এ জন্য এক সপ্তাহ সময় চাইলে রুস্তমের আইনজীবী মীর আহমেদ বিন কাসেম বলেন, রুস্তম আলী পক্ষাঘাতের রোগী। তাঁর পক্ষে এক সপ্তাহ ঢাকায় থাকা সম্ভব নয়। তিনি রুস্তমের জামিন বহাল রাখার আরজি জানান।পরে সুলতান মাহ্মুদ বলেন, ২ মে রাষ্ট্রপক্ষ আবেদন দাখিল করবে। ট্রাইব্যুনাল রুস্তমের জামিন বহাল রেখে তাঁকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন।আসামিপক্ষ জানায়, মুক্তিযুদ্ধকালের একটি ঘটনায় ১৯৭২ সালের ২৪ সেপ্টেম্বর পটুয়াখালীর গলাচিপা থানায় একটি হত্যা মামলা হয় ও তাতে অভিযুক্তদের সাজাও হয়। একই হত্যাকাণ্ডের ঘটনায় ২০১০ সালে রুস্তমকে আসামি করে নতুন মামলা করা হলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। অভিযোগ মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় গত বছরের নভেম্বরে মামলার নথিপত্র স্থানীয় ম্যাজিস্ট্রেট আদালত মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার কাছে পাঠান।