সুতা উৎপাদন দ্বিগুণ করার সুযোগ আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ৪০৭টি সুতাকলে বর্তমানে বছরে ৯৯ কোটি টন সুতা উৎপাদিত হয়। এ জন্য ৫৫ লাখ বেল তুলা আমদানি করতে হয়। অবশ্য আগামী ছয় বছরের মধ্যে এই সুতা উৎপাদন দ্বিগুণ করার সুযোগ আছে দেশের উদ্যোক্তাদের। এটি হলে তুলা আমদানি বেড়ে ১১০ লাখ বেলে দাঁড়াবে।
বিজিএমইএ ২০২১ সালে তৈরি পোশাক রপ্তানি ৫ হাজার কোটি ডলারে নিয়ে যাওয়ার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তাতে এই সম্ভাবনা সৃষ্টি হয়েছে। অবশ্য এটি অর্জনে মানসম্মত তুলার অপ্রতুলতা, তুলার দামের অনিয়ন্ত্রণ ওঠানামা, অবকাঠামো উন্নয়নে ধীরগতি, নিয়মকানুনের বাধ্যবাধকতাসহ বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
প্রথমবারের মতো আয়োজিত ‘গ্লোবাল কটন সামিট বাংলাদেশ ২০১৫’-এর উদ্বোধনী দিন গতকাল শুক্রবার এক অধিবেশনে এ চিত্র তুলে ধরেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সাবেক সভাপতি জাহাঙ্গীর আলামিন। ‘দেশের সুতা উপখাতের আগামী দশক’ শীর্ষক এই অধিবেশনে তিনি বলেন, বর্তমানে পোশাক খাতের রপ্তানি ২ হাজার ৫০০ কোটি ডলার। এ জন্য প্রয়োজনীয় সুতার ৭৮ শতাংশ দেশের সুতাকলগুলো জোগান দেয়। এটিও বাড়ানোর সুযোগ আছে। তাতে তৈরি পোশাক খাতের মূল্য সংযোজন আরও বাড়বে।
বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন (বিসিএ) ও বিটিএমএ যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। রাজধানীর একটি হোটেলে গতকাল সকালে সম্মেলনের উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিটিএমএর সভাপতি তপন চৌধুরী, বিসিএ সভাপতি মুহাম্মদ আইউব। উপস্থিত ছিলেন বিটিএমএর সাবেক সভাপতি জাহাঙ্গীর আলামিন ও বিসিএর সাধারণ সম্পাদক মেহেদী আলী।
তপন চৌধুরী বলেন, দেশের উদ্যোক্তারা নতুন সুতাকল স্থাপন ও পুরোনো কলগুলো সম্প্রসারণ করায় তুলার চাহিদা বাড়ছে। ২০০৫ সালে যেখানে ৩০ লাখ বেল তুলা আমদানি হতো এখন সেটি ৫০ লাখ বেল ছাড়িয়ে গেছে। ভারত, মধ্য এশিয়া, আমেরিকা, ব্রাজিল, অস্ট্রেলিয়া ও আফ্রিকা থেকে এই তুলা কেনেন উদ্যোক্তারা। তবে আন্তর্জাতিক নিয়মনীতি ও দাম ওঠানামার কারণে তুলার সরবরাহ কখনোই মসৃণ থাকে না।
বিটিএমএর সভাপতি বলেন, নিয়মনীতির বাধ্যবাধকতার কারণে জটিলতা হয়। দেশের উদ্যোক্তাদের তুলা আমদানির নিয়মনীতির সঙ্গে পরিচিত, তুলার আন্তর্জাতিক ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, নতুন প্রযুক্তি ও নকশার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সম্মেলনের দ্বিতীয় কর্ম-অধিবেশনে তুলার বিশ্ববাজার আগামী ১০ বছরে কেমন হবে, সেটি নিয়ে আলোচনা করেন যুক্তরাষ্ট্রের কটন ইনকরপোরেটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মার্ক মিজোরা। তিনি বলেন, বরাবরের মতো তুলার বিশ্ববাজারে আগামী ১০ বছরেও যুক্তরাষ্ট্র, ভারত, চীন ও পাকিস্তানের আধিপত্য থাকবে। একই সঙ্গে সুতা তৈরিতে তুলার পাশাপাশি কৃত্রিমভাবে প্রস্তুত পলিয়েস্টার ও রেয়নের চাহিদা বাড়বে। এতে তুলার দাম কমার সম্ভাবনা আছে।
তুলার দাম কমলেও তেমন একটা খুশি হওয়ার কারণ নেই উল্লেখ করে মার্ক মিজোরা বলেন, ধীরে হলেও সারা বিশ্বের মানুষ পোশাক কিনতে খরচ কমিয়ে দিচ্ছে। তথ্য প্রযুক্তিসংশ্লিষ্ট পণ্য কেনায় ঝুঁকছে মানুষ। এটা পোশাক উৎপাদনকারী দেশগুলোকে প্রতিযোগিতার মুখে ফেলবে। ২০০০ সালে একজন মার্কিন নাগরিক প্রতি ১ ডলারের মধ্যে ৪ দশমিক ৮ শতাংশ কাপড় কিনতে খরচ করতেন। বর্তমানে তা মাত্র ৩ শতাংশে এসে দাঁড়িয়েছে।
অবশ্য একই গবেষণার তথ্য দিয়ে মার্ক মিজোরা বলেন, ২০২০ সাল পর্যন্ত পোশাকের ব্যবহার বর্তমানের চেয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে ৬, চীনে ৭৪, যুক্তরাষ্ট্রে ১৪, ভারতে ৫৭ শতাংশ বাড়বে।