সুতার কারখানা, দোকান বিপণিবিতানে অগ্নিকাণ্ড
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় একটি সুতা তৈরির কারখানায় গত বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডে মূল্যবান যন্ত্রপাতিসহ মালামাল পুড়ে গেছে। একই রাতে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আগুনে আটটি দোকান পুড়ে গেছে। গতকাল শুক্রবার ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় অগ্নিকাণ্ডে ১১টি দোকান ও একটি বাড়ি ভস্মীভূত হয়েছে।
মির্জাপুরে ক্ষতিগ্রস্ত কারখানাটির নাম ইভিটেক্স পলিকট লিমিটেড। এটি গোড়াই শিল্পাঞ্চলের হলিদ্রাচালা গ্রামে অবস্থিত। আগুনে প্রায় ৪৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কারখানাটির মালিকপক্ষ।
কারখানা সূত্রমতে, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে কারখানার মারগাছা সেকশনের (পাট কাটার বিভাগ) একটি যন্ত্রে আগুন লাগে। দ্রুত তা পাশে থাকা তুলা ও সুতার গুদামসহ চারপাশে ছড়িয়ে পড়ে। প্রথমে কারখানার নিরাপত্তাকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে মির্জাপুরের দুটি ইউনিটসহ টাঙ্গাইল, বাসাইল, সখীপুর, গাজীপুরের কালিয়াকৈর ও ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) ফায়ার সার্ভিসের আরও সাতটি ইউনিটের সদস্যরা গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। রাত পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও ধোঁয়া ছিল। কারখানাটির জ্যেষ্ঠ নির্বাহী রফিকুল ইসলাম বলেন, আগুনের কারণে আটটি করে রুটার ও কাটিং যন্ত্র এবং একটি করে ফিল্টার, ব্লু রুম ও মারগাছা যন্ত্র পুড়ে ছাই হয়ে গেছে। তিনটি ভবনের চাল পুড়ে গেছে। দেয়াল ধসে গেছে। মেঝের টাইলস পুড়ে গেছে। কারখানাটির রক্ষণাবেক্ষণ প্রকৌশলী মো. আলামিন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
নেত্রকোনা ফায়ার স্টেশন সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে যাত্রাবাড়ী দারুল উলুম মাদ্রাসার বিপণিবিতানের একটি কম্পিউটারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ওই দোকান ছাড়াও একটি করে টিনের চালের ও যন্ত্রাংশের দোকান ভস্মীভূত হয়ে গেছে। এ ছাড়া আরও চারটি দোকানের অর্ধেক মালামাল পুড়ে গেছে। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় আগুন নেভাতে গিয়ে অন্তত ছয়জন আহত হন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, আগুনে ৫০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।
গফরগাঁও উপজেলার পাগলা থানা সূত্র জানায়, গতকাল জুমার নামাজের সময় সূতারচাপুর মুক্তিযোদ্ধা বাজারে একটি তৈরি পোশাক বিক্রির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে গাজীপুরের শ্রীপুর উপজেলার ফায়ার সার্ভিসের দল গিয়ে স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় আগুন নেভানো শুরু করে। আগুনে কমপক্ষে ১১টি দোকান ও তিনটি বাড়ি পুড়ে যায়। ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।
{প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন ময়মনসিংহ অফিস এবং নেত্রকোনা ও মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি}