সুতার কারখানার মেশিনে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা এলাকার একটি সুতা তৈরির কারখানায় গত বুধবার রাতে মেশিনে জড়িয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. ফরহাদ (২২)। বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার অলহরী টানপাড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত নয়টার দিকে মুলতাজিম স্পিনিং মিল নামে ওই কারখানায় ফরহাদ মেশিনের নিচে জমে থাকায় আবর্জনা পরিষ্কার করছিলেন। এ সময় অসাবধানতাবশত অপারেটর মেশিনটি চালু করলে ফরহাদের মাথা এর ভেতর চলে যায়। পরে দ্রুত মেশিন বন্ধ করে তাঁকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশ থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, রাতেই ফরহাদের পরিবারের লোকজন থানায় আসেন। দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় তাঁরা ময়নাতদন্ত ছাড়াই লাশ নেওয়ার জন্য আবেদন করেন। এরপর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, এ ঘটনায় পুলিশ অপমৃত্যুর মামলা করেছে।