সুতার দাম বাড়ার প্রতিবাদে কুমারখালীতে মিছিল
সুতার মূল্য বৃদ্ধির প্রতিবাদে কুষ্টিয়ার কুমারখালী কাপুড়িয়া হাটে গতকাল শনিবার প্রতিবাদ সভা ও মিছিল করেছে কুমারখালী ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন। মিছিল শেষে কুমারখালী ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও কুমারখালী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন।কুমারখালী ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও কুমারখালী পৌরসভার মেয়র নুরুল ইসলাম আনসারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আবদুর রফিক, মফিজুর রহমান, কুমারখালী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শাহজাহান আলী, তাঁতি প্রতিনিধি মনোয়ার হোসেন, এম এ রাজ্জাক প্রমুখ।নুরুল ইসলাম আনসার প্রামাণিক বলেন, আগামী সাত দিনের মধ্যে সুতার মূল্য স্বাভাবিক পর্যায়ে না এলে সড়ক-রেলপথ অবরোধ করার মতো কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। বক্তারা বলেন, গত দেড় মাসের ব্যবধানে সুতার মূল্য বেলপ্রতি ১৭ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে উৎপাদিত কাপড়ের দাম মোটেও বাড়েনি। এ কারণে এখানকার হাজার হাজার প্রান্তিক তাঁতি তাঁদের তাঁত বন্ধ করে দিয়েছেন। এভাবে চলতে থাকলে কয়েক দিনের মধ্যে সব তাঁত বন্ধ হয়ে যাবে।