সুতার দাম বাড়ায় রুহিতপুরের লুঙ্গির সরবরাহ কম
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রুহিতপুরের লুঙ্গির কদর থাকলেও দিন দিন সুতার দাম বাড়ায় এখানকার অনেক তাঁতি তাঁদের তাঁত বন্ধ করে দিয়েছেন। এ কারণে তাঁতিরা চাহিদা অনুযায়ী লুঙ্গি সরবরাহ করতে পারছেন না।উপজেলার রুহিতপুর ইউনিয়নের উত্তর রামেরকান্দা, মোহনপুর ও রুহিতপুর কাঁচা এলাকায় সম্প্রতি গিয়ে দেখা গেছে, বছর তিনেক আগেও এসব এলাকার প্রত্যেক তাঁতির ৮-১০টি তাঁত ছিল। সুতার দাম বাড়ায় এখন অনেকেই একটি বা দুটি তাঁতে লুঙ্গি তৈরি করছেন। তিন বছর আগে এসব এলাকায় দুই শতাধিক তাঁত ছিল। এখন চলছে প্রায় ৩০টি। অনেকে এই পেশা ছেড়ে রিকশা বা ভ্যান চালান, কেউ দিনমজুরের কাজ বেছে নিয়েছেন।উত্তর রামেরকান্দা গ্রামের আরিফুর রহমান জানান, ১০ বছর আগে তাঁর ২০টি তাঁত ছিল। এখন আছে চারটি। গত বছর প্রতি বেল সুতা ৫৮ হাজার টাকায় কিনেছেন। এখন তা বেড়ে প্রায় ৭৫ হাজারে দাঁড়িয়েছে। ঈদ উপলক্ষে বাজারে লুঙ্গির চাহিদা রয়েছে। কিন্তু সুতার দাম বেশি হওয়ায় তাঁতিরা লুঙ্গি বুনতে পারছেন না।রামেরকান্দা বাজার এলাকায় অগ্রগামী তাঁতি সঞ্চয়ী সমবায় সমিতি মার্কেটের শরীফ লুঙ্গি হাউসের মালিক মো. শরীফ বলেন, ‘লুঙ্গির বিপুল চাহিদা রয়েছে, কিন্তু উৎপাদন কম। বর্তমানে আমি ২৮ জন তাঁতিকে দাদন দিয়ে লুঙ্গি উৎপাদন করছি। কিন্তু রুহিতপুরের লুঙ্গি উৎপাদনের তুলনায় চাহিদা বেশি। ১০ বছর আগে যে লুঙ্গির থান ৭০০ টাকা ছিল, এখন তা এক হাজার ৪০০ টাকা। বিক্রি করছি এক হাজার ৪৮০ থেকে এক হাজার ৫০০ টাকায়।’