সুতার নামে গাড়ি আমদানি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) একটি পোশাকশিল্প-প্রতিষ্ঠান এক কনটেইনার সুতা আমদানির ঘোষণা দিয়েছিল। কিন্তু গতকাল সোমবার চট্টগ্রাম বন্দরে সেই কনটেইনার খুলে পাওয়া যায় সুতার বদলে দামি গাড়ি, টেলিভিশন ও ফটোকপিয়ার মেশিন।কর্মকর্তারা বলেছেন, ৪০ ফুট দীর্ঘ কনটেইনারে পাওয়া গেছে একটি ৩০০০ সিসির নতুন বিএমডব্লিউ গাড়ি (মডেল ৭৩০ আই) এবং ২০০৪ সালে তৈরি ১৯৮৪ সিসির একটি অডি গাড়ি। এ ছাড়া ৪৫টি এলসিডি ও এলইডি টেলিভিশন এবং ১৫টি ফটোকপি মেশিনও পাওয়া গেছে। ঘোষণাবহির্ভূত এসব পণ্যের মূল্য আনুমানিক পাঁচ কোটি টাকা বলে ধারণা করছেন কাস্টম হাউসের কর্মকর্তারা। সূত্র জানায়, সাভার ইপিজেডের গোল্ডটেক্স লিমিটেড এক কনটেইনার সুতা আমদানির ঘোষণা দেয়। তাদের কাগজপত্র অনুযায়ী, সিঙ্গাপুরের প্রতিষ্ঠান জেট সিস্টেম পিটিই লিমিটেড এই পণ্য রপ্তানি করে। গত ৩০ নভেম্বর এ-সংক্রান্ত আমদানি দলিলপত্র কাস্টম হাউসে জমা দেয় আমদানিকারক প্রতিষ্ঠানটি। আমদানির দলিলপত্রে উল্লেখ করা হয়, প্রায় ৬৭ হাজার মার্কিন ডলার মূল্যের ৪০০ কার্টনে ১৯ দশমিক ৮ টন সুতা (কমবেড কমপ্যাক্ট ইয়ার্ন) রয়েছে। শুল্কায়নের পর এই চালানটি প্রতিষ্ঠানের নিজস্ব কারখানা চত্বরে খালাসের আবেদন করে আমদানিকারকের প্রতিনিধি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান। কিন্তু গত শনিবার চট্টগ্রাম বন্দরে স্ক্যানিং করার পর সন্দেহজনক পণ্যবাহী হিসেবে কনটেইনারটিকে চিহ্নিত করেন সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শহীদুল ইসলাম। এরপর সেটি কারখানায় খালাস করার সিদ্ধান্ত বাতিল করে আমদানি পণ্য সরাসরি বন্দর থেকে সরবরাহ দেওয়ার সিদ্ধান্ত হয়। এ জন্য চট্টগ্রাম কাস্টম হাউসের যুগ্ম কমিশনার জুয়েল আহমেদকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা গতকাল বেলা সাড়ে তিনটায় কনটেইনার খুললে আমদানিকারকের জালিয়াতি ধরা পড়ে। কাস্টম হাউসের সহকারী কমিশনার রাকিবুল হাসান প্রথম আলোকে বলেন, পণ্য খালাস নিতে আসা আমদানিকারকের প্রতিনিধি ও গাড়ির চালক পালিয়ে গেছেন। তিনি বলেন, এ ঘটনায় আমদানিকারক এবং সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।গোল্ডটেক্স লিমিটেডের পক্ষে পণ্য খালাসে নিয়োজিত ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট শিমুল ইন্টারন্যাশনাল লিমিটেড। এই প্রতিষ্ঠানের কর্ণধার সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁকে না জানিয়ে তাঁর কর্মচারী হাবিবুর রহমান এই পণ্য খালাসের প্রক্রিয়া করেন। হাবিবুরের সঙ্গে মো. হান্নান নামের আরেকজন জোটবদ্ধ হয়ে এই পণ্য খালাসের চেষ্টা করেছিলেন বলে তিনি দাবি করেন।