সুতিয়া নদীতে সেতু নির্মাণ দুই বছরেও শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সুতিয়া নদীর ওপর পুরোনো সেতু ভেঙে নতুন সেতুর নির্মাণকাজ গত দুই বছরেও শেষ হয়নি। এতে নজরুল বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।সেতুটির কাজ শেষ না হওয়ায় উপজেলা সদরের সঙ্গে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ডসহ কয়েকটি এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।ত্রিশাল এলজিইডি অফিস সূত্র জানায়, সুতিয়া নদীর ওপর ৩৬ মিটার লম্বা পিসি গ্রাডার সেতু নির্মাণের জন্য ২০০৯ অর্থবছরে দরপত্র আহ্বান করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এক কোটি ৩৮ লাখ ২০৯ টাকার দরপত্রে কাজটি পায় কিশোরগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামান অ্যান্ড কোং। সেতু নির্মাণের নির্ধারিত সময় পার হলেও নির্মাণকাজ শেষ না করেই বরাদ্দের অর্ধেক টাকা উঠিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি। সেতুর নির্মাণকাজ ২০১০ সালের ২৫ মার্চ শুরু হয়ে ২০১০ সালের ১৮ অক্টোবরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। এলাকাবাসী জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে উপজেলা সদরে প্রবেশের একমাত্র সেতুটির বেহাল অবস্থার কারণে দুই কিলোমিটার পথ ঘুরে নদী পার হতে হচ্ছে সাধারণ মানুষকে। ফলে ভোগান্তিতে পড়েছে এ অঞ্চলের হাজার হাজার মানুষ। দেশের একমাত্র সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় হিসেবে খ্যাত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিদিন দুই কিলোমিটার পথ হেঁটে ক্যাম্পাসে যেতে হচ্ছে।সেতুটির নির্মাণকাজ শেষ না হওয়ায় মানুষের দুর্ভোগের পাশাপাশি স্থবির হয়ে পড়ছে ত্রিশাল বাজারের ব্যবসা-বাণিজ্য। এতে উপজেলার ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে। ত্রিশাল উপজেলার লোকজন ছাড়াও এ পথে জেলার বেশ কয়েকটি উপজেলার মানুষ চলাচল করে।জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ বলেন, ‘এ সেতুর জন্য আমাদের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা স্থানীয় সাংসদসহ পৌর মেয়রকে জানিয়েছি সেতুর অসমাপ্ত কাজ শেষ করতে।’ত্রিশাল পৌরসভার মেয়র এ বি এম আনিসুজ্জামান জানান, এক মাসের মধ্যেই সেতুর কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলা হয়েছে।উপজেলা প্রকৌশলী আবদুল মান্নান বলেন, ‘যত দ্রুত সম্ভব কাজ শেষ করার চেষ্টা করছি।’ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘বারবার তাগাদা দিয়েও ঠিকাদারকে দিয়ে কাজ করাতে পারছি না।’মেসার্স জামান অ্যান্ড কোং-এর স্বত্বাধিকারী সাইফুল করিম বলেন, টাকা না পাওয়ার কারণে যথাসময়ে কাজ করা সম্ভব হয়নি। বরাদ্দকৃত টাকা পাওয়া গেলে তিন মাসের মধ্যে কাজ শেষ করা যাবে।