
এরা টুপ টুপ ডুব দেয়। ফকিরহাটের সাতশৈয়া গ্রামের বিলে অভিভূত হয়েছিলাম অনিন্দ্যসুন্দর এই ডুবসাঁতারুদের প্রথম দেখে। এখন তো নিয়মিতই দেখছি শ্রীমঙ্গলের বাইক্কা বিলে, হাকালুকি বা টাঙ্গুয়ার হাওরে, এমনকি রাজশাহীর পদ্মা নদীতে। কিন্তু যে জিনিসটি এত দিন চোখে পড়েনি তা হলো, পিঠে বাচ্চা নিয়ে ভেসে বেড়ানো। গত ৩০ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের পাশের জলাশয়ে সেটিও দেখলাম।
এই ডুবসাঁতারুরা এ দেশের আবাসিক পাখি ডুবালু। ডুবুরি, ডুবডুবি, ছোট ডুবুরি, ভিলভিলে বা তালের আঁটি নামেও পরিচিত। ইংরেজি নাম Little Grebe বা Dabchick। Podicipedidae পরিবারের পাখিটির বৈজ্ঞানিক নাম tachybaptus ruficollis.
ডুবালু চোখা ঠোঁটের ছোট আকারের জলজ পাখি। দৈর্ঘ্য ২৩-২৫ সেন্টিমিটার ও গড় ওজন ১৪০ গ্রাম। প্রজননকালে প্রাপ্তবয়স্ক পাখির মাথা ও পিঠের পালকের রং হয় কালচে-বাদামি। গাল, গলা ও ঘাড়ের পাশ হয় লালচে। মখমলের মতো পেলব নরম বুক ও পেটের রং ধোঁয়াটে-সাদা। কালচে ঠোঁটের আগা ফিকে ও ঠোঁটের গোড়া নীলচে-সাদা। সবুজ-কালো পা হাঁসের মতো। লেজ নেই-ই বলতে গেলে। মাথা-পিঠ বাদামি, গাল-গলা-ঘাড় ফিকে লালচে-বাদামি, বুক-পেট মেটে বাদামি। কালচে-বাদামি ঠোঁটের গোড়া হলদে।
ডুবালু এ দেশের সচরাচর দৃশ্যমান আবাসিক পাখি। আবাস এলাকা কমে যাওয়ায় দিন দিন এরা হুমকির মুখে পড়ছে। দেশব্যাপী বড় পুকুর, জলাশয়, বিল, হাওর, বাঁওড়, হ্রদ ও স্রোতবিহীন নদীতে বিস্তৃত। বাংলাদেশ ছাড়াও ভারত, এশিয়ার অন্যান্য দেশ, অস্ট্রেলিয়া, আফ্রিকা ও ইউরোপে বাস করে। সচরাচর জোড়ায় বা ছোট দলে বিচরণ করে। এরা ডুবসাঁতারে পটু। ওড়ার চেয়ে ডুবসাঁতার দিয়ে অনেক দূর পর্যন্ত যেতে বেশি পছন্দ করে। ভয় পেলে পানির ওপর দৌড়ে বা ডুব দিয়ে পালিয়ে যায়। ছোট ছোট মাছ, ব্যাঙ, ব্যাঙাচি, পোকামাকড়, চিংড়ি, জলজ গুল্ম ইত্যাদি খায়।
এপ্রিল-অক্টোবর প্রজননকাল। তবে অনেক সময় ডিসেম্বরেও প্রজনন করতে দেখা যায়। ভাসমান জলজ ঘাস-গুল্মের ওপর ঘাস-পাতা দিয়ে বাসা বানায়। ডিম পাড়ে ৩-৫টি। ডিম ফুটতে ২০-২১ দিন লাগে। ফোটার কিছুক্ষণের মধ্যেই বাচ্চারা পানিতে সাঁতার
কাটতে পারে। প্রায়ই বাবা-মায়ের পিঠে চড়ে ভেসে বেড়ায়। প্রায় ৫০ দিন বয়সে স্বাবলম্বী হয়।