সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুদানের দারফুরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় বাংলাদেশ পুলিশ উপপরিদর্শক (এসআই) মঈনুল আহসান খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ ডিসেম্বর ভোরে সুদানের রাজধানী খার্তুমে লেভেল-৪ হাসপাতালে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৩৭ বছর।

আগামীকাল শনিবার বেলা একটায় রাজারবাগ পুলিশ লাইনস কেন্দ্রীয় মসজিদে মঈনুল আহসান খানের জানাজা অনুষ্ঠিত হবে।

এসআই মঈনুল আহসান খান জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে ২০১৫ সালের ২৫ মার্চ সুদানে যান। তিনি স্ত্রী, দুই মেয়ে রেখে গেছেন। ১৯৭৯ সালে বরিশালে জন্ম তাঁর। তিনি ২০০৪ সালে এসআই হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।

এসআই মঈনুল আহসান খানের মৃত্যুতে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মঈনুলের আত্মার শান্তি কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি।