সুদিনের সোনালি আঁশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ভূমদক্ষিণ এলাকায় পাট ধুয়ে পরিষ্কার করছেন এক কৃষক। ছবি: আশরাফুল আলম
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ভূমদক্ষিণ এলাকায় পাট ধুয়ে পরিষ্কার করছেন এক কৃষক। ছবি: আশরাফুল আলম

১৮৫০ সালের কথা। বাংলার মাত্র ১৭ হাজার হেক্টর জমিতে হতো পাট চাষ। মাত্র ৫০ বছরেই এই চিত্র পাল্টে গেল। বিশ্ববাজারে ব্রিটেনসহ ইউরোপিয়ান কোম্পানিগুলোর দানাদার খাদ্যশস্য চিনি, কফি, চাসহ নানা পণ্যের বিক্রি গেল বেড়ে। আর এসব পণ্যের মোড়ক হিসেবে বাড়ল পাটের চাহিদা। বাংলার পলিমাটির উর্বর জমি হয়ে উঠল বিশ্বের পাটের চাহিদা মেটানোর উৎকৃষ্ট স্থান। ১৯০০ সালের মধ্যে বাংলার পাটের জমির পরিমাণ বেড়ে ৫০ হাজার হেক্টর হয়ে গেল।
পাটের দাম পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা ন্যাচারাল ফাইবার ওয়ার্ল্ড ওয়াইডের চলতি আগস্ট মাসের পাটবিষয়ক প্রতিবেদন বলছে, এ বছর বাংলাদেশে বিশ্বের সর্বোচ্চ ৭ লাখ ১০ হাজার হেক্টর জমিতে পাট চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ২০ থেকে ৩০ শতাংশ বেশি।
এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে, চলতি বছর ৭ লাখ ২১ হাজার হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর চাষ লক্ষ্যমাত্রা ছাপিয়ে হয়েছে ৮ লাখ ১৭ হাজার ৩৮৩ হেক্টর জমিতে। বন্যায় কিছু পাট ক্ষতিগ্রস্ত হলেও সংস্থাটি আশা করছে, এ বছর পাটের উৎপাদন গত বছরের তুলনায় ১৩ শতাংশ বাড়বে। এরই মধ্যে ৭০ শতাংশ পাট কাটা হয়ে গেছে।
বন্যায় একদিকে সম্পদ ও ফসলের যেমন ক্ষতি হয়েছে, অন্যদিকে বাড়তি এই পানি পাটের জন্য সুখবর হয়ে এসেছে। সবুজ পাট জমি থেকে কেটে জাগ দিতে প্রচুর পানি দরকার। গত দুই মাসের বাড়তি বৃষ্টি ও বন্যার পানি পাটের জাগ দেওয়ার সেই সুযোগ করে দিয়েছে। ফলে সোনালি আঁশের সুদিন ফিরতে শুরু করেছে।
২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত পাটের উৎপাদন ক্রমাগত কমছিল। গত বছর হঠাৎ করে দেশ-বিদেশে পাটের দাম বেড়ে যায়। এতে পাটের চাষও বেড়ে গেছে। বিশেষ করে গত বছর এবং এ বছর বৃষ্টিপাত ও আবহাওয়া পাটের উপযোগী ছিল। ফলে পাটের ফলন ও মান এবার ভালো। পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় এবার বেশি পানিতে পাট জাগ দেওয়া বা পচানো গেছে। ফলে এর আঁশ আরও সোনালি হয়েছে, মানও বেড়েছে।
উৎপাদনের মতো এবার পাটের দামও বেশি। গত ছয় বছরে এ সময়ে প্রতি মণ পাটের দাম গেছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। এবার বছরের শুরুতেই প্রতি মণ ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। আন্তর্জাতিক বাজারেও এবার পাটের দাম বেড়েছে। ন্যাচারাল ফাইবার ওয়ার্ল্ড ওয়াইডের হিসাবে গত বছরের তুলনায় এবার বাংলাদেশ ২০ শতাংশ বেশি কাঁচা পাট রপ্তানি করেছে। পাটের কয়েকটি নতুন জাত দেশের বিজ্ঞানীরা কৃষকের হাতে তুলে দিয়েছেন। এগুলো এ বছর ভালোই ফলন দিয়েছে।
এ ব্যপারে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান প্রথম আলোকে বলেন, পাটচাষিদের অক্লান্ত পরিশ্রম, প্রকৃতির কৃপা, বিজ্ঞানীদের চেষ্টা ও আন্তর্জাতিক বাজারের সুবিধা কল্যাণে পাটের সুদিন ফিরে আসার আশা তৈরি হয়েছে। আশা করছি এই সুদিন টিকে থাকবে।
তবে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যের মোড়ক হিসেবে পাটের ব্যাগের ব্যবহার বাড়ালে পাটের সুদিন স্থায়ী হবে বলে মনে করছেন পাটচাষি ও ব্যবসায়ীরা।

ছবি: আশরাফুল আলম
ছবি: আশরাফুল আলম

পাট ধোয়া শেষ। এখন তা বাড়ি নিয়ে যাচ্ছেন কৃষক। সিঙ্গাইরের ভূমদক্ষিণ থেকে ছবিটি তোলা

ছবি: আশরাফুল আলম
ছবি: আশরাফুল আলম

জেলার শিবালয় উপজেলার ফলসাটিয়ায় রাস্তার পাশে শুকানো হচ্ছে ধোয়া পাট

ছবি: আশরাফুল আলম
ছবি: আশরাফুল আলম

শুকোনো শেষ। বাড়িতে সেই পাট নিয়ে যাচ্ছেন কৃষক। ছবিটি সিঙ্গাইরের বায়রা বাজারের

ছবি: আশরাফুল আলম
ছবি: আশরাফুল আলম

এবার বিক্রির পালা। নৌকায় করে বাজারে পাট নেওয়ার ছবিটি বংশী নদীর ধল্লা সেতু থেকে তোলা

ছবি: আশরাফুল আলম
ছবি: আশরাফুল আলম

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় পাটকাঠি থেকে আঁশ ছাড়িয়ে নিচ্ছেন কিষানিরা

ছবি: আশরাফুল আলম
ছবি: আশরাফুল আলম

আঁশ ছাড়ানোর পর চলছে ধোয়ার কাজ। ছবিটি সিরাজদিখানের নিমতলা সড়ক এলাকা থেকে তোলা