সুদীর্ঘ কর্মজীবনে একাগ্রতা দিয়ে বিচারকাজ করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার সুদীর্ঘ প্রায় ৪২ বছরের বিচারক জীবনের প্রথম দিকে যখনই আমি কোনো জজশিপে (আদালতে) জয়েন করেছি, বেশ বৈরী মনোভাব ও আচরণের সম্মুখীন হয়েছি। কিন্তু কিছুদিনের মধ্যেই তা দূর হয়ে গেছে। আমার ওপর সংশ্লিষ্টজনদের বিপুল আস্থা আমি অনুভব করেছি। প্রথম নারী বিচারক হিসেবে ব্যর্থ হয়ে যাইনি...। প্রথম নারী বিচারক হিসেবে ব্যর্থ হলে হয়তো আজ বাংলাদেশে প্রায় ৪০০ নারী বিচারক হতেন না।’
নিজের কর্মজীবনের এমন অভিজ্ঞতার কথা বললেন দেশের প্রথম নারী বিচারপতি নাজমুন আরা সুলতানা, যিনি আপিল বিভাগে নিয়োগ পাওয়া প্রথম নারী বিচারপতি।
আপিল বিভাগের ১ নম্বর বিচারকক্ষে (প্রধান বিচারপতির এজলাস) গতকাল বৃহস্পতিবার এক বিদায় সংবর্ধনায় তিনি কথাগুলো বলেন। আইনজীবী ও আগত ব্যক্তিদের উপস্থিতিতে কানায় কানায় ভরা আদালতকক্ষে তখন ছিল নীরবতা। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও আপিল বিভাগের অপর বিচারপতিরা এ সময় বেঞ্চে ছিলেন।
গতকাল ছিল তাঁর শেষ কর্মদিবস। অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এই বিচারপতিকে বিদায় সংবর্ধনা জানায়। নাজমুন আরা সুলতানা প্রথম নারী মুন্সেফ (সহকারী জজ) ও প্রথম জেলা জজ। তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগেরও প্রথম নারী বিচারপতি।
দেশের প্রথম নারী বিচারক হয়ে খুলনার মুন্সেফ হিসেবে ১৯৭৫ সালের শেষের দিকে যোগদান করেছিলেন তিনি। বিচারপতি নাজমুন আরা সুলতানা বলেন, ‘কেউ কেউ তখন স্বাগত জানিয়েছিলেন, আবার অনেকে নাক সিটকেছিলেন—নারী আবার কী বিচার করবে? কর্মক্ষেত্রেও আমি এই দুই রকমের আচরণই পেয়েছিলাম। অনেকের কাছ থেকে অবজ্ঞা পেলেও অনেকের কাছ থেকে খুবই ভালো আচরণ পেয়েছি, উৎসাহ পেয়েছি, সাহায্য পেয়েছি।’
সংবর্ধনা অনুষ্ঠানে প্রথমে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও পরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বিচারপতি নাজমুন আরা সুলতানার কর্মময় জীবন নিয়ে বক্তব্য দেন।