সুদের ওপর টাকা এনে ঘুষ, তবু মেলেনি চাল
ভিজিডি কার্ড পাওয়ার আশায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে সুদে ১৪ হাজার টাকা এনে দিয়েছিলেন সাতজন দরিদ্র নারী। চার মাস আগে ওই টাকা ঘুষ হিসেবে দেওয়া হয়। আজও তাঁরা কার্ড পাননি, তাই চালও মেলেনি। চাল না পেলেও ওই নারীদের প্রতি মাসে ১০ শতাংশ সুদ দিতে হচ্ছে। এ ঘটনা রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচারী ইউনিয়নের।ওই সাতজন দরিদ্র নারী হলেন ইকরচারী ইউনিয়নের হাজীপুর গ্রামের দিনমজুর ফজলুর স্ত্রী লিতুনজেরা, রফিকুলের স্ত্রী ছাদেকা, জমশেরের স্ত্রী মাজেদা, আমজাদের স্ত্রী ছামিনা, মাইদুলের স্ত্রী বেলী আক্তার, শফিকুলের স্ত্রী মমিনা ও খায়রুলের স্ত্রী রোকেয়া আক্তার। তাঁদের অভিযোগ, ভিজিডি কার্ড করে দেওয়ার কথা বলে ওয়ার্ডের নারী ইউপি সদস্য পারুল বেগম গত বছরের ডিসেম্বর মাসে তাঁদের কাছে টাকা দাবি করেন। কার্ড হলে অভাব কমবে—এ আশায় তাঁরা সুদের ওপর ঋণ করে প্রত্যেকে দুই হাজার হিসাবে মোট ১৪ হাজার টাকা পারুল বেগমেক দেন। ওই সময় পারুল বেগম তাঁদের কাছ থেকে তিন কপি করে ছবিও নেন। কিন্তু আজও তাঁরা কার্ড পাননি।দরিদ্র ওই সাতজন নারী আরও অভিযোগ করেন, কার্ড না পাওয়ায় তাঁরা পারুলের কাছে টাকা ফেরত চান। পারুল টাকা দিতে টালবাহানা করলে তাঁরা ২০ এপ্রিল ইকরচালী ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেন।লিতুনজেরা বলেন, ‘পারুল আপা হামার বাড়িত আসি কইছিল দুই হাজার টাকা দেও, অফিসারক ঘুষ দিয়া তোমার কার্ড করি দেম। মাসে মাসে তোমরা ৩০ কেজি চাউল পাইমেন। অর কথা বিশ্বাস করি মুই গ্রামের আনছারের কাছে লাভের উপর দুই হাজার টাকা নিয়া দিছুং। এলা তো কার্ডও পানু না, টাকা ফেরত দিবারও চায়ছে না। খেয়া না-খেয়া মোক লাভ চলবার নাগেছে।’ইউপি সদস্য পারুল বলেন, ‘ভাই, টাকা ওরা আমাকে জোর করি দিয়েছে। ইতিমধ্যে প্রত্যেককে এক হাজার টাকা করে ফেরত দেওয়া হয়েছে। বাকি টাকা এক-দুই সপ্তাহের মধ্যে ফেরত দেব।’ইকরচালী ইউপি চেয়ারম্যান আমেনা খাতুন বলেন, ‘আমি পারুলকে টাকা ফেরত দিতে বলেছি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হক বলেন, ‘এ ধরনের অভিযোগ পাইনি। অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেব।’