সুদের জালে শতাধিক পরিবার সর্বস্বান্ত, গ্রামছাড়া ২৫ জন
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভাটপাড়া গ্রামের শতাধিক পরিবার গ্রামের ছয়জন দাদন ব্যবসায়ীর খপ্পরে পড়ে এখন সর্বস্বান্ত। চড়া সুদসহ ঋণের টাকা শোধ করতে না পেরে অন্তত ২৫টি পরিবার গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। ছয়টি পরিবার ভিটেবাড়ি বিক্রি করে চলে গেছে। এলাকাবাসী জানান, ভাটপাড়া গ্রামে ২০০৪ সালে গ্রামের বাসিন্দা সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম, ঠান্ডু মণ্ডল, আবদুল মজিদ, শান্তি দাস ও কাছেদ আলীর নেতৃত্ব গড়ে ওঠে ভাটপাড়া যুব সমিতি। সমিতির কোনো কাগজপত্র নেই। সমিতির সভাপতি বা সম্পাদক নেই। ওই পাঁচজনই পরিচালক। সর্বশেষ সমিতির পরিচালক করা হয়েছে আওয়ামী লীগের কর্মী নায়েব আলীকে। চড়া সুদে দেওয়া এই সমিতির ঋণের জালে আটকা পড়ে ওইসব পরিবারের এ অবস্থা। সুদের কোনো নির্দিষ্ট হার নেই। ভাটপাড়ার ঠাকুর দাস জানান, তিন বছরে সমিতিতে ১২ হাজার টাকা সঞ্চয় করেছেন। সমিতি থেকে ঋণ নিয়েছিলেন ১৩ হাজার টাকা। তিন বছর পর কর্মকর্তারা তাঁর জমা ১২ হাজার টাকা কেটে রেখে তাঁর কাছে সুদসহ ৪৭ হাজার টাকা পাওনা বলে দাবি করছেন। একই গ্রামের ভবেন দাস জানান, দুই বছর আগে তিনি তিন হাজার টাকা ঋণ নেন। এক বছরে দুই হাজার টাকা শোধ করেছেন। এখন সমিতিতে তাঁর জমানো আট হাজার টাকা কেটে রেখে তাঁর কাছে ১১ হাজার টাকা পাওনা বলে দাবি করা হচ্ছে। এই টাকা না দিতে পারায় তাঁকে গ্রাম ছেড়ে পালিয়ে থাকতে হচ্ছে। তাঁর মতো গ্রামের ছয়টি পরিবার ভিটেবাড়ি বিক্রি করে অন্যত্র চলে গেছে। আরও কয়েকজন ভিটে হারিয়ে অন্যের ঘরের বারান্দায় দিন কাটাচ্ছেন। গ্রামবাসী জানান, সমিতির কর্মকর্তারা প্রথম দিকে গ্রামের লোকজনদের টাকা সঞ্চয়ের জন্য নানা প্রলোভন দেখিয়ে ৩০০ জনকে সমিতির সদস্য করেন। প্রত্যেকে সপ্তাহে ১০ টাকা করে জমা দেন। সমিতির কর্মকর্তারা ঋণ দিতে থাকেন। তিন বছর পর মেয়াদ শেষ হওয়ার কথা বলে কর্মকর্তারা সমিতি ভেঙে দেন। ২০০৮ সালে আবার শুরু হয় নতুন সদস্য সংগ্রহ। এবার তাঁরা ২৫০ জন সদস্য নেন। এবারও সমিতি থেকে সুদে টাকা দেওয়া হয়। সম্প্রতি সেই সমিতিও ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু এখনো সুদসহ ঋণের টাকা এখনো আদায় করা হচ্ছে। গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, সমিতির সদস্য হয়ে ঋণ নিয়ে ভিটেবাড়ি হারিয়েছেন শান্তিপদ দাস। পাগলা দাস ও দেবেন্দ্রনাথ দাস জানান, সমিতি থেকে চড়া সুদে ঋণ নিয়ে তা শোধ করতে তাঁকে ভিটেবাড়ি বিক্রি করতে হয়েছে। মমতা দাসী জানান, তাঁর ছেলে সুফল দাস সমিতি থেকে তিন বছরে কয়েক কিস্তিতে দুই লাখ টাকা নিয়েছিলেন। আর এই সময়ে সুদসহ আট লাখ টাকা পরিশোধ করতে তাঁদের ১০ বিঘা জমি বিক্রি করতে হয়েছে। গ্রামের নিখিল চন্দ্র জানান, ইউসুফ আলী, সোনা দাস, নিশান দাস, খোকন দাস, দেবেন দাস, সাহেব আলীসহ বেশ কয়েকজন ভিটেবাড়ি বিক্রি করে সুদের টাকা দিয়েছেন। অনেকে সুদসহ ঋণের টাকা শোধ করতে পারবেন না ভেবে গ্রাম ছেড়ে পালিয়েছেন। এ ছাড়া গ্রামের নিখিল দাস, কিনা দাস, নারান মালাকার, বাবলু দাস, আনছার আলী, সুফল দাসসহ প্রায় ২৫-৩০ জন দাদন ব্যবসায়ীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। সমিতির পরিচালক আবদুল মজিদ স্বীকার করেন, তিনি টাকা দিয়ে মানুষের কাছ থেকে লাভ নিয়েছেন। তবে আর তা করবেন না। ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম দাবি করেন, সমিতি থেকে ঋণ নিয়ে অনেকে লাভবান হয়েছেন। আর শুধু সমিতির পাওনা টাকার জন্যই নয়, অন্য কোনো পাওনাদারের ভয়েও গ্রামের কেউ কেউ পালিয়ে থাকতে পারেন। ঠান্ডু মণ্ডল জানান, তাঁরা ঋণগ্রস্ত অনেককে ছাড় দিয়েছেন; যেমন ঠাকুর দাসের টাকা আর চাচ্ছেন না। ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু জানান, তিনিও বেশ কয়েকবার সুদের টাকার সালিস করেছেন। একটি চক্র গ্রামে সুদের ব্যবসা গড়ে তুলে গ্রামের মানুষকে নিঃস্ব করছে। সমিতির নামে এরা সুদের ব্যবসাটা প্রকাশ্যে নিয়ে এসেছে। ঋণগ্রস্ত অনেক লোক এখনো পালিয়ে বেড়াচ্ছেন।