সুদের টাকা দিতে না পারায়...
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আরজীশাহপুর গ্রামে সুদের টাকা পরিশোধ করতে না পারায় মনোয়ার বেগম নামের এক গৃহবধূ এসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁকে গত বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুল জলিল জানান, মনোয়ারার মুখমণ্ডলের ডান পাশ, বুক ও ঘাড় এসিডে ঝলসে গেছে। তাঁর অবস্থা গুরুতর।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আরজীশাহপুর গ্রামের দরিদ্র এন্তাজ আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৩৫) একই গ্রামের আমিরুলের (৩৫) কাছ থেকে দুই বছর আগে চড়া সুদে চার হাজার টাকা ঋণ করেন। এ টাকা গত দুই বছরে সুদে-আসলে ২২ হাজার হয়েছে দাবি করে আমিরুল তা পরিশোধের জন্য মনোয়ারাকে চাপ দেন। চাপের মুখে মনোয়ারা এক সপ্তাহ আগে আসল চার হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু তিনি সুদের আরও ১৮ হাজার টাকা দিতে পারেনি। এ নিয়ে গত বুধবার সকালে মনোয়ারার স্বামীসহ প্রতিবেশীদের সঙ্গে আমিরুল ও তাঁর লোকজনের বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। এ ঘটনার পর ওই দিন দিবাগত রাত তিনটার দিকে মনোয়ারা ঘরের বাইরে গেলে কে বা কারা তাঁর ওপর এসিড ছোড়ে।হাসপাতালে চিকিৎসাধীন মনোয়ারা বেগম বলেন, রাতে প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে আমিরুল ও তাঁর সহযোগী বাদশা এসিড ছুড়ে মারে। এন্তাজ আলী দাবি করেন, সুদের টাকা দিতে না পারায় তাঁর স্ত্রীকে এসিড-সন্ত্রাসের শিকার হতে হলো।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহম্মেদ বলেন, এ ঘটনায় গত শুক্রবার এসিড অপরাধ দমন আইনে আমিরুল ও বাদশার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে তাঁরা গা ঢাকা দিয়েছেন। তবে তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।