সুদের টাকার জন্য গরু ছিনতাই
বগুড়ার শেরপুর উপজেলায় সমিতি থেকে নেওয়া ঋণের এক মাসের সুদের টাকার জন্য এক কৃষকের গোয়ালঘর থেকে দুটি গরু ছিনিয়ে নিয়েছেন সমিতির লোকজন৷ পরে পুলিশ গরু দুটি উদ্ধার করে ওই কৃষককে ফিরিয়ে দিয়েছে৷ গত রোববার উপজেলার চকধূলি গ্রামে এ ঘটনা ঘটে৷
ওই কৃষক, পুলিশ ও সমিতির লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এক বছর আগে ওই গ্রামের কৃষক নূর মোহাম্মদ স্থানীয় চককল্যাণী যুব উন্নয়ন সমিতি থেকে ২০ হাজার টাকা ঋণ নেন৷ ওই ঋণের এক মাসের সুদ বাকি থাকায় রোববার সকালে সমিতির সভাপতিসহ ২৫-৩০ জন লোক নূর মোহাম্মদের বাড়ির গোয়ালঘর থেকে দুটি গরু ছিনিয়ে নিয়ে যান৷ এ সময় বাধা দিতে গিয়ে নূর মোহাম্মদের স্ত্রী ও পুত্রবধূ তাঁদের মারধরের শিকার হন৷ এরপর নূর মোহাম্মদ এ ব্যাপারে শেরপুর থানায় অভিযোগ দেন৷ পুলিশ বিকেল পাঁচটার দিকে গরু দুটি উদ্ধার করে নূর মোহাম্মদের হাতে তুলে দেয়৷
সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, এক মাসের সুদের টাকা পরিশোধ করতে না পারায় সমিতির সিদ্ধান্তের ভিত্তিতে নূর মোহাম্মদের বাড়ি থেকে গরু নিয়ে আসা হয়৷ তবে দুই নারীকে মারধর করার অভিযোগ তিনি অস্বীকার করেন৷ তিনি দাবি করেন, তাঁদের সমিতি উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয় থেকে নিবন্ধন করা হয়েছে৷
উপজেলা সমবায় কর্মকর্তা মো. ফেরদৌস আলম বলেন, তাঁর কার্যালয়ে বর্তমানে নিবন্ধিত প্রতিষ্ঠানের তালিকায় চককল্যাণী যুব উন্নয়ন সমিতির নাম নেই৷ তা ছাড়া, কোনো সমিতি এভাবে অর্থ আদায় করে থাকলে তা ফৌজদারি অপরাধের শামিল৷
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, এ ঘটনায় আনোয়ার হোসেন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন৷ অভিযোগের সত্যতাও পাওয়া গেছে৷ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷