সুদের টাকার জন্য দোকানিকে মারধর মালামাল লুট
ঋণের টাকা দিতে না পারায় রংপুরের পীরগাছা উপজেলায় লাইলী বেগম (৩০) নামের এক দোকানিকে মারধর করে দোকান থেকে নগদ অর্থসহ ৩০ হাজার টাকার মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত লাইলী বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার কান্দি কাবিলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ওই নারীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত জামির উদ্দিনের স্ত্রী লাইলী বেগম স্থানীয় কান্দি বাজারে মুদি দোকানের ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। গত জুন মাসে তিনি দোকানের মালামাল কেনার জন্য একই গ্রামের দাদন ব্যবসায়ী শাহ আলমের কাছ থেকে ২০ হাজার টাকা ঋণ নেন। তিনি প্রতি মাসে তিন হাজার টাকা করে সুদ দিয়ে আসছিলেন। এক মাস আগে লাইলী আসল ২০ হাজার টাকার মধ্যে ১০ হাজার টাকা পরিশোধ করেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দাদন ব্যবসায়ী শাহ আলম তাঁর লোকজন নিয়ে লাইলীর দোকানে গিয়ে ওই ১০ হাজার টাকা পরিশোধ করার জন্য চাপ দেন। ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাঁরা লাইলীকে মারধর করে দোকানে থাকা ২০ হাজার টাকাসহ ৩০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যান। পরে আশপাশের লোকজন লাইলী বেগমকে উদ্ধার করে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
শাহ আলম পাওনা টাকার জন্য লাইলীকে মারধর করার কথা স্বীকার করেন। তবে মালামাল লুট করার কথা অস্বীকার করেন তিনি।