সুদের বেড়াজালে তাঁতিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ তাঁত বোর্ড থেকে তাঁতিদের জন্য বরাদ্দ করা ক্ষুদ্র ঋণের পরিমাণ ২০ বছরেও বাড়েনি৷ এ ছাড়া নানা শর্ত ও জটিলতার কারণে এই ঋণ পেতেও তাঁতিদের বিড়ম্বনা পোহাতে হচ্ছে৷ ফলে এই ঋণের প্রতি আগ্রহ হারিয়ে পাবনার বেশির ভাগ তাঁতিই মহাজন ও দাদন ব্যবসায়ীদের সুদের জালে জড়িয়ে পড়ছেন৷
জানা গেছে, পাবনার প্রায় ৫০ হাজার তাঁতির দেখভাল ও ঋণ বিতরণের দায়িত্ব তাঁত বোর্ডের সাঁথিয়া বেসিক সেন্টারের৷ প্রয়োজনের চেয়ে লোকবল কম থাকায় ওই প্রতিষ্ঠানটি তাঁতিদের কাছে পড়ে থাকা ঋণ আদায় ও নতুন ঋণ বিতরণে কার্যকরী পদক্ষেপ নিতে পারছে না৷
২০০১ সাল থেকে প্রতিষ্ঠানটির মাধ্যমে এ পর্যন্ত পাবনার বেড়া, সাঁথিয়া, সুজানগরসহ কয়েকটি উপজেলার দুই হাজার ৩৯২ জন তাঁতিকে তিন কোটি ৪৫ লাখ এক হাজার টাকা ঋণ দেওয়া হয়েছে৷ গত এপ্রিল মাস পর্যন্ত ঋণ আদায় হয়েছে এক কোটি নয় লাখ ২২ টাকা৷ এখনো দুই-তৃতীয়াংশের বেশি ঋণ বকেয়া পড়ে আছে৷
তাঁত বোর্ড সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর আগে তাঁত বোর্ড তাঁতিদের মধ্যে ক্ষুদ্র ঋণ বিতরণ কার্যক্রম শুরু করে৷ শুরুতে তাঁতপ্রতি যে পরিমাণ টাকা ঋণ দেওয়া হতো, এখনো তা-ই দেওয়া হচ্ছে৷ একটি পিটলুম তাঁতের বিপরীতে ১০ হাজার, সেমি অটো তাঁতের বিপরীতে ১৩ হাজার ও বেনারসি তাঁতের বিপরীতে ১৮ হাজার টাকা ঋণ দেওয়া হচ্ছে৷
তাঁতিরা জানান, ২০ বছরে সুতা, রংসহ তাঁতসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় তাঁতপ্রতি মূলধনের প্রয়োজন কয়েক গুণ বেড়েছে৷ অথচ তাঁত বোর্ডের ঋণের পরিমাণ রয়েছে আগের মতোই৷ এতে অনেক কাঠখড় পুড়িয়ে পাওয়া ঋণের টাকায় তাঁত চালু করতে না পেরে অভাবী তাঁতিরা তা খেয়ে ফেলছেন৷
সাঁথিয়া বেসিক সেন্টার সূত্রে জানা যায়, নিয়ম অনুযায়ী তাঁতিদের ঋণ পেতে হলে তাঁদের ইউনিয়ন পর্যায়ের ওয়ার্ডভিত্তিক প্রাথমিক তাঁতি সমিতির সদস্য হতে হয়৷৷ পাবনা জেলায় এমন ৯৭টি সমিতি রয়েছে৷ সমিতির আওতাভুক্ত কোনো তাঁতি ঋণ গ্রহণে ইচ্ছুক হলে তাঁকে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে বেসিক সেন্টারে আবেদন করতে হয়৷ বেসিক সেন্টারের কর্মকর্তারা সরেজমিনে তাঁতিদের অবস্থা দেখে ঋণ অনুমোদনের জন্য তাঁত বোর্ডে পাঠিয়ে দেন৷ তাঁত বোর্ড থেকে অনুমোদন পাওয়া গেলে বেসিক সেন্টারের মাধ্যমে তাঁতিদের সেই ঋণ কৃষি ব্যাংকের স্থানীয় কার্যালয় থেকে তুলতে হয়৷ পরে উত্তোলিত ঋণ স্বল্প সুদে তিন বছরের মধ্যে মাসিক কিস্তিতে শোধ করতে হয়৷
ঋণ গ্রহণকারী তাঁতিরা জানান, ঋণের জন্য আবেদন করার পর ঋণ পেতে কত দিন লাগবে তার কোনো নিশ্চয়তা নেই৷ অনেক সময় দু-এক বছর পেরিয়ে যাওয়ার পরও তাঁত বোর্ড থেকে ঋণ প্রদানের অনুমোদন আসে না৷ এভাবে অনেকেই একসময় ঋণ পাওয়ার ব্যাপারে হাল ছেড়ে দেন৷
এদিকে নিয়মানুযায়ী, কোনো সমিতির সদস্যদের মধ্যে বিতরণ করা ঋণের ৬০ ভাগ আদায় না হলে ওই সমিতির আর কোনো সদস্যকে নতুন করে আর ঋণ দেওয়া হয় না৷ বেশির ভাগ সমিতি থেকেই ৬০ ভাগ ঋণ আদায় না হওয়ায় বর্তমানে ঋণ দেওয়া বন্ধ রয়েছে৷
সুজানগর উপজেলার সাতবাড়িয়া ১ নম্বর ওয়ার্ড প্রাথমিক তাঁতি সমিতির সভাপতি বিশু মিয়া বলেন, ‘তাঁতিদের এখন খুবই দুঃসময় চলছে৷ এ কারণে অনেক তাঁতির ঋণ শোধ করতে বিলম্ব হচ্ছে৷ আমার সমিতির প্রায় অর্ধেক তাঁতি ঋণ শোধ করলেও বাকিরা শোধ না করায় নতুন ঋণের আবেদন করা যাচ্ছে না৷’
বেড়া উপজেলার নতুনভারেঙ্গা ১ নম্বর ওয়ার্ড প্রাথমিক তাঁতি সমিতির সভাপতি আলম মিয়া বলেন, ‘এমন ঋণের মানেটা কী? ৫০ হাজার টাকার নিচে কোনো তাঁত চালু করা যায় না৷ অথচ অনেক দেনদরবার ও হয়রানির পর ঋণ পাওয়া যায় মাত্র ১৩ হাজার টাকা৷ এই ঋণও আবার সব তাঁতির ভাগ্যে জোটেও না৷’
সাঁথিয়া বেসিক সেন্টারের লিয়াজোঁ কর্মকর্তা এবাদত হোসেন বলেন, ‘বড় এলাকা হওয়ায় ঋণ প্রদান ও বিতরণের জন্য এ কার্যালয়ে আরও লোকবলের প্রয়োজন৷ তাঁতিদের মধ্যে ঋণ বিতরণের প্রক্রিয়াটি সহজ ও ঝামেলামুক্ত যেমন হওয়া উচিত, তেমনি তাঁতপ্রতি ঋণের পরিমাণও বাড়ানো উচিত৷’