ক্ষুদ্রঋণ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত
সুদের মানসম্মত হার নির্ধারণ ও ক্ষুদ্রঋণ ব্যাংক প্রতিষ্ঠার আহ্বান
ক্ষুদ্রঋণের সুদের হার নির্ধারণ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। ক্ষুদ্রঋণের সংজ্ঞা ঠিক করতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ড. ইউনূস বলেন, লোকে বলে, ক্ষুদ্রঋণের সুদের হার অনেক বেশি। কত বেশি তা কেউ বলতে পারে না। ভালো হয়, সরকার এর মানসম্মত হার নির্ধারণ করে দিক। ক্ষুদ্রঋণ কী তা নিয়েও বিভ্রান্তি রয়েছে বলে মনে করেন তিনি। তাঁর মতে, নানা ধরনের কর্মকাণ্ডকে ডাকা হচ্ছে ক্ষুদ্রঋণ নামে। এরও অবসান দরকার। এদিকে বড় কয়েকটি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানকে ব্যাংকের লাইসেন্স দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্র্যাকের চেয়ারম্যান ফজলে হাসান আবেদ। তিনি বলেন, ক্ষুদ্রঋণ ব্যাংক (মাইক্রোফিন্যান্স ব্যাংক) প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন। রাজধানীর সোনারগাঁও হোটেলে ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এমআরএ) আয়োজিত ‘ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণবিধি: লাভবান হবে কারা’ শীর্ষক তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান। এমআরএর সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূস ও ফজলে হাসান আবেদ ছিলেন বিশেষ অতিথি। মুহাম্মদ ইউনূস তাঁর বক্তৃতায় ক্ষুদ্রঋণে বাংলাদেশের অনন্যতার তিনটি বৈশিষ্ট্য তুলে ধরেন। এগুলো হচ্ছে, বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠা, যা বিশ্বের কোথাও হয়নি, তহবিল দিয়ে সহযোগিতা করতে পল্লি কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) নামে প্রতিষ্ঠানের সৃষ্টি এবং এমআরএর মতো সংস্থা গঠন। ক্ষুদ্রঋণ কী, বিশ্বজুড়েই তা নিয়ে বিভ্রান্তি রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, কেউ জামানত নিয়ে ঋণ দিচ্ছে, কেউ ঋণ দিচ্ছে মধ্যবিত্তদের, আবার কেউ ঋণ দিচ্ছে ফ্রিজ বা কাপড় কাচার যন্ত্র কেনার জন্য। সবাই এসব কার্যক্রমকে সংজ্ঞায়িত করছে ক্ষুদ্রঋণ নামে। এসব বিভ্রান্তি দূর করে এমআরএ পারে ক্ষুদ্রঋণের সংজ্ঞা ও তার উদ্দেশ্য নির্ধারণ করে দিতে।ড. ইউনূস বলেন, যৌক্তিক ও মানসম্মত সুদের হারও নির্ধারণ করে দিতে পারে এমআরএ। এতে বিভ্রান্ত লোকজন উপকৃত হবে। সুদের হার গোপন রাখা হলেই সাধারণ মানুষের সন্দেহ বাড়ে বলে মনে করেন তিনি। ব্র্যাকের চেয়ারম্যান ফজলে হাসান আবেদ বলেন, বড় ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর ক্ষুদ্রঋণ ব্যাংক হিসেবে কাজ করার সুযোগ রয়েছে। এমআরএ কয়েকটি বড় প্রতিষ্ঠানকে ব্যাংকের লাইসেন্স দিতে পারে। তিনি বলেন, দরিদ্র মানুষের কাছে পৌঁছাতে দরকার টেকসই ক্ষুদ্রঋণব্যবস্থা। আর ওই টেকসই অবস্থার জন্য সংগত কারণেই সুদের হারের বিষয়টি আসে।ড. মসিউর রহমান বলেন, তৃণমূল পর্যায়ের প্রকৃত চিত্রটা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো ভালো বোঝে। সুতরাং এদের মাধ্যমে অনেক কাজ করানো যায়। ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের উচ্চবেতন ও সুযোগ-সুবিধা বেশি নেওয়ার কারণেও ক্ষুদ্রঋণের সুদের হার বেশি পড়ে বলে মনে করেন তিনি। তিন দিনের সম্মেলনের সুপারিশ ও মতামত তুলে ধরে আতিউর রহমান বলেন, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান কোনো দাতব্য প্রতিষ্ঠান নয়। এর মুনাফা থাকবে, কিন্তু তা ব্যয় হবে সামাজিক কার্যক্রমে। অন্যান্য মতামত হচ্ছে, ক্ষুদ্রঋণ খাত, প্রতিষ্ঠান ও গ্রাহকদের জন্য নীতিমালায় পরিবর্তন; নীতিমালা স্থায়ী না করে গতিশীল রাখা; বড় ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো পরিচালিত হবে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে; বাংলাদেশ ব্যাংকের উচিত ক্ষুদ্রঋণ কার্যক্রমের যাবতীয় তথ্য সংগ্রহ করে আর্থিক নীতি গ্রহণের সময় তা কাজে লাগানো; এসব প্রতিষ্ঠানে ক্রেডিট রেটিং পদ্ধতি চালু করা; কেন্দ্রীয় তথ্যভান্ডার সংরক্ষণ এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো যাদের কাছ থেকে ঋণ নেয়, তাদের জন্য নীতি প্রণয়ন করা। ১৫ মার্চ শুরু হওয়া সম্মেলনে ২৫টি দেশের ১৪৬ জন দেশি ও ৫০ জন বিদেশি প্রতিনিধিসহ ১৯৬ জন অংশ নেন। তিন দিনে বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে ক্ষুদ্রঋণ বিষয়ে আটটি প্রবন্ধ উপস্থাপন করা হয়।