সুদের হার কমাতে রাজি হয়নি চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহজ শর্তে দেওয়া ঋণে সুদের হার কমানোসহ বিশেষ সুবিধা দিতে বাংলাদেশের অনুরোধে এখনো সাড়া দিতে রাজি নয় চীন। বাংলাদেশ ছাড়া আরও অনেক দেশকে চীন ঋণ দেয়। একটি দেশকে বিশেষ সুবিধা দিলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছে চীন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত মঙ্গলবার চীনের বাণিজ্যমন্ত্রী গাও হুচেংয়ের সঙ্গে আলোচনায় বাংলাদেশ অনুরোধ জানালে চীন এ মনোভাব দেখিয়েছে।
এদিকে বাংলাদেশে আরও দুটি নতুন সেতু নির্মাণে চীন সহযোগিতা করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বুধবার সকালে চীনের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান। বরগুনার আমতলী ও পটুয়াখালীর গলাচিপায় যথাক্রমে নবম ও দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের কথা রয়েছে।
বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনের শুরুতে গাও হুচেং পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে তাঁর দপ্তরে বৈঠক করেন। ওই আলোচনায় যোগাযোগ বাড়ানোর পাশাপাশি সামুদ্রিক অর্থনীতিতে বাংলাদেশকে সহযোগিতায় রাজি হয়েছে চীন।
সুদের হার কমছে না: চীনের কাছ থেকে সহজ শর্তে পাওয়া ঋণের সুদের হার কমানোসহ বিশেষ সুবিধা দিতে বাংলাদেশ আগেই অনুরোধ জানিয়েছে। গত মঙ্গলবার চীনের বাণিজ্যমন্ত্রীর কাছে এ বিষয়টি আবার তোলেন অর্থমন্ত্রী।
বাংলাদেশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সুদের হার ও ঋণের বিপরীতে এককালীন জমার পরিমাণ কমানোর পাশাপাশি প্রক্রিয়া শিথিল করতে বাংলাদেশের প্রস্তাব ছিল। বাংলাদেশকে এমন সুবিধা দিলে ঋণগ্রহীতা অন্য দেশের ক্ষেত্রে তা নেতিবাচক প্রভাব পড়বে বলে জানায় চীন। চীন বিষয়টি ভেবে দেখার আশ্বাস দিয়েছে।
বাংলাদেশের অবকাঠামো ও জ্বালানি খাতে চীনের বিনিয়োগ বাড়ানোর অনুরোধ জানান অর্থমন্ত্রী। তখন চীনের বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে এসব খাতে তাঁর দেশের বিনিয়োগ বাড়ছে।
গাও হুচেং বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো প্রকল্পের নির্মাণ শেষে ওই সব প্রতিষ্ঠানকে পরিচালনার দায়িত্ব দিতে আবুল মাল আবদুল মুহিতকে অনুরোধ জানান। বাংলাদেশের পক্ষ থেকে এ অনুরোধ বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে।
নতুন দুই মৈত্রী সেতু: গতকাল সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর দায়িত্ব চীনের কাছে হস্তান্তর করা হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও চীনের বাণিজ্যমন্ত্রী গাও হুচেংয়ের উপস্থিতিতে এ হস্তান্তর-প্রক্রিয়া শেষ হয়।
মাদারীপুর (মোল্লাপুর)-শরীয়তপুর-চাঁদপুর সড়কের আড়িয়াল খাঁ নদের ওপর নবনির্মিত আচমত আলী খান সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর দৈর্ঘ্য ৭০০ মিটার এবং এটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২৯৪ কোটি টাকা।
ওই অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, দেশের অবকাঠামো উন্নয়নে চীন ব্যাপক অবদান রেখে চলেছে। এর আগে তারা ছয়টি মৈত্রী সেতু নির্মাণ করেছে। চীনের অর্থায়নে পিরোজপুরের কচা নদীর ওপর অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। আমতলীর সেতুটি নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু এবং গলাচিপার সেতুটি দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নামে পরিচিত হবে।