সুধীজন পাঠাগারের সুবর্ণজয়ন্তী
গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব হাফিজুর রহমান বলেছেন, পাঠাগারের বিকল্প নেই। কারণ, বই পড়া ছাড়া কেউ উন্নতি করতে পারে না। আইন দিয়ে, শক্তি দিয়ে সুন্দর সম্ভাবনাময় উন্নত দেশ গড়া যায় না। পাঠাগারের জন্য দেশের ধনী, সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন৷ এ ছাড়া সুন্দর জীবন, শক্তিশালী জাতির জন্য পাঠাগার প্রয়োজন।
গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ সুধীজন পাঠাগারের সুবর্ণজয়ন্তীর সমাপনী পর্বে সুবর্ণজয়ন্তী সংখ্যার মোড়ক উন্মোচন ও ৫০টি বই পাঠ কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সুধীজন পাঠাগারের পাঠক, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সুধীজন পাঠাগারের কার্যকরী পরিষদের পরিচালক মুহাম্মদ আইউবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. ইসহাক, কর্মাধ্যক্ষ আসজাদুল কিবরিয়া, কোষাধ্যক্ষ সালাহউদ্দিন আহমেদ, সাংস্কৃতিক কর্মাধ্যক্ষ আফজাল হোসেন প্রমুখ।