সুনই সেতুর সংযোগ সড়কের এক পাশে মাটি ভরাট
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুনই সেতুর সংযোগ সড়কের উত্তর পাশের ভেঙে যাওয়া স্থান ও গর্ত মাটি ফেলে ভরাট করা হয়েছে। গত শনিবার থেকে শুরু করে গতকাল মঙ্গলবার পর্যন্ত সওজ এই কাজ করে।
তবে অপর পাশের ভেঙে যাওয়া স্থান ও গর্ত মাটি দিয়ে ভরাট করা হচ্ছে না। এতে ওই পাশ দিয়ে যান চলাচলে ঝুঁকি রয়ে গেছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। সওজ কর্তৃপক্ষ দাবি করেছে, ঝুঁকি বেশি থাকায় উত্তর পাশে আগে মাটি ফেলা হয়েছে। পরে অপর পাশে কাজ করা হবে।
সড়ক ও জনপথ (সওজ) সুনামগঞ্জ কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধরমপাশা-মধ্যনগর সড়কের পাইকুরাটি ইউনিয়নের সুনই নদের ওপর ২০১৩ সালে সুনই সেতু নির্মাণ করা হয়। নির্মাণের দেড় বছর পরই সেতুটির সংযোগ সড়কের দুই পাশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভাঙন ও গর্তের সৃষ্টি হয়। এ নিয়ে ৮ জানুয়ারি প্রথম আলোয় ‘ধরমপাশার সুনই সেতু, সংযোগ সড়কের দুই পাশে ভাঙন, দুর্ভোগ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়েছিল।
সওজ সূত্রে আরও জানা গেছে, ২০১৫ সালের জুলাই পর্যন্ত সুনই সেতুসহ ধরমপাশা উপজেলা সওজের সব কার্যক্রম সুনামগঞ্জ কার্যালয়ের অধীনে ছিল। ওই সালের ১১ আগস্ট থেকে এই উপজেলার সওজের কার্যক্রম নেত্রকোনা সওজের কাছে হস্তান্তর করা হয়েছে। এ কারণে ওই কার্যালয়ের ব্যবস্থাপনায় সংযোগ সড়কের ওই অংশে শ্রমিক নিয়োগ করে সেখানে মাটি ভরাটকাজ করা হয়।