সুনসান হাজারীবাগে শুধু চামড়া লবণজাতকরণ

ট্যানারিগুলো সাভারের হেমায়েতপুরে স্থানান্তর প্রক্রিয়াধীন থাকায় এবার হাজারীবাগে শুধু চামড়া লবণজাতকরণ হচ্ছে। চামড়া ব্যবসায়ীরা বলছেন, হেমায়েতপুরের চামড়াশিল্প নগরী এখনো পুরোপুরি প্রস্তুত নয়। ট্যানারির মালিকেরা চামড়া কিনছেনও কম। ট্যানারির মালিকেরা বলছেন, চামড়ার সরবরাহ এবার স্থিতিশীল।
এ বছরের এপ্রিলে আদালতের নির্দেশে হাজারীবাগের ট্যানারিতে বিদ্যুৎ, গ্যাস ও পানির সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। তবে এবার ঈদুল আজহায় চামড়া লবণজাতকরণের জন্য হাজারীবাগে কিছু চামড়া ঢুকেছে। আজ সোমবার হাজারীবাগে দেখা যায়, অধিকাংশ বড় ট্যানারি বন্ধ। ছোট ট্যানারিগুলোয় চামড়া লবণ দিয়ে রাখা। তেমন কোনো কর্মব্যস্ততা নেই। ‘চাইনিজ ট্যানারি’তে কয়েকজন চামড়া রপ্তানি ব্যবসায়ীকে পাওয়া গেল। তাঁদের একজন গোলাম কিবরিয়া বলেন, ‘এবার ৫০ ভাগ চামড়া হাজারীবাগে আসছে। ঈদের এক দিন আগে জানতে পারি এখানে চামড়ায় লবণ দিতে পারব। পাঁচ-সাত দিন রাখা হবে। এরপর এগুলো চলে যাবে হেমায়েতপুরে।’ তিনি বলেন, হেমায়েতপুরের চামড়াশিল্প নগরীতে যাওয়ার সড়কের অবস্থা খারাপ এবং নিষ্কাশনব্যবস্থাও পুরোপুরি ঠিক হয়নি। আরও দু-তিন বছর লাগবে পরিপূর্ণভাবে গড়ে উঠতে।
হাজারীবাগেই এক মৌসুমি ব্যবসায়ী লিয়াকত আলী চামড়া নিয়ে এসেছেন। তিনি বলেন, সরকারের বেঁধে দেওয়া দামে তিনি বিক্রি করতে পারেননি। প্রতি বর্গফুটে পাঁচ টাকা কমে দিয়েছে। তবে ট্যানারির ব্যবসায়ীরাও বলছেন, কিছুটা কমে কেনার কথা। মাহমুদ মানিক নামের এক ট্যানারি ব্যবসায়ী বলেন, লবণ দেওয়া চামড়া তাঁরা সঠিক দামেই কিনছেন। কিন্তু লবণ ছাড়া রক্তমাখা চামড়া হলে সেখানে কম দাম দিচ্ছেন। আরও বললেন, লবণের দামও বেশি।
বাংলাদেশ লেদার অ্যান্ড লেদার গুডস ম্যানুফ্যাকচারার্স কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক মো. আরিফ নিজেই আজ চামড়া তদারকি করছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, গতবারের তুলনায় এবার চামড়া কমই কেনা হয়েছে। ট্যানারি স্থানান্তরের প্রক্রিয়ার কারণে অনেকেই চামড়া কেনার আগ্রহ হারিয়েছেন। এ ছাড়া এবার কোরবানিও কম হয়েছে।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘প্রতিবছর ঈদে আমরা ৫৫ ভাগ চামড়া সংগ্রহ করি। এর মধ্যে ৫৫ লাখ গরু এবং ২৫ ভাগ ছাগল, মহিষ ও ভেড়ার চামড়া আসে। প্রতি ঈদেই ১০ ভাগ চামড়া বেশি সংগ্রহ হয়। তবে এবার তা বাড়ার সম্ভাবনা নেই এবং কমবে না বলেও আশা করছি।’
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ থেকে কম চামড়া রপ্তানি হচ্ছে উল্লেখ করে মিজানুর রহমান বলেন, হেমায়েতপুরে সব কটি ট্যানারি প্রস্তুত হয়নি। ৭০টি উৎপাদনে সক্ষম। এর মধ্যে রপ্তানিতে সক্ষম ২০-২৫ টি। এ ছাড়া গ্যাস-সংযোগ আছে ২৩টিতে। এসব কারণে সময়মতো চাহিদা অনুযায়ী সরবরাহ করতে না পারায় বিদেশি ক্রেতারা অন্য দেশ থেকে চামড়া নিচ্ছেন।
হাজারীবাগে চামড়া ঢোকার ব্যাপারে বলেন, তাঁরা অনুরোধ করেছিলেন, এবার চামড়া লবণজাতকরণের সুযোগ দিতে। কয়েক দিনের মধ্যেই সব চামড়া চলে যাবে।