শেরপুর-ঝিনাইগাতী সড়কের শেরপুর সদর উপজেলার কুমরী বটতলা এলাকায় গত বৃহস্পতিবার রাতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষ্মণশ্রী ইউনিয়নের হালুয়াগাঁও এলাকায় গতকাল শুক্রবার সুনামগঞ্জ-সিলেট সড়কে ট্রাকের চাপায় ফারহানা বেগম (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের সুন্দর আলী মেয়ে।
শেরপুরে নিহত ব্যক্তিরা হলেন শহরের নারায়ণপুরের আলিমুল হক (৩২) ও দুর্গা নারায়ণপুরের জয়নাল আবেদীন (৩৩)।
গতকাল বিকেল পাঁচটার দিকে ফারহানা বাড়ির সামনে সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আলিমুল ও জয়নাল মোটরসাইকেলে শেরপুরে ফিরছিলেন। রাত নয়টার দিকে মোটরসাইকেলটি কুমরী বটতলা এলাকায় পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। মোটরসাইলসহ ওই দুই আরোহী পড়ে গেলে মোটরসাইকেলটি ট্রাকের সঙ্গে আটকে যায়। এ সময় ট্রাকটি মোটরসাইকেলটিকে ছেঁচড়ে প্রায় ৫০ ফুট দূর পর্যন্ত নিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু ঘটে।
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা জানান, কুমিল্লা-সিলেট মহাসড়কের মুরাদনগর উপজেলার বাকরনগর এলাকায় গতকাল বিকেলে ট্রাক্টর ও অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন দেবীদ্বার উপজেলার জুলহাস গ্রামের আবদুর রহমান (৪৫) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আবদুল মান্নানের আড়াই বছর বয়সী ছেলে সৌরভ।
মহাসড়ক পুলিশ জানায়, ট্রাক্টরটি মুরাদনগর থেকে কোম্পানীগঞ্জে যাচ্ছিল। ট্রাক্টরটি মুরাদনগরের বাকরনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশার সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ওই দুই যাত্রী নিহত হন। আহত হন তিনজন। আহত ব্যক্তিদের মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।