সুনামগঞ্জ আ.লীগের সঙ্গে শেখ হাসিনার বৈঠক আজ
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক আজ মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হবে। গণভবনে দুপুর ১২টায় এ বৈঠক হওয়ার কথা। বৈঠকে জেলার ১৫ বছরের পুরোনো কমিটি ভেঙে নতুন কমিটির দাবি জানাবেন তৃণমূল নেতারা।বৈঠকে অংশ নেবেন—এমন নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি গঠিত হয় ১৯৯৭ সালে। কমিটির বর্তমান সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক নুরুল হুদা ওরফে মুকুট উভয়ই ভারপ্রাপ্ত। ৫৪ সদস্যের কমিটির ১০ জন বেঁচে নেই। বাকিদের কেউ রয়েছেন প্রবাসে; কেউ দলত্যাগ করেছেন। আবার যাঁরা আছেন, তাঁদের অনেকেই নিষ্ক্রিয়। এ নিয়ে নেতা-কর্মীরা চরম হতাশ। সংগঠনে বিরাজ করছে স্থবিরতা। এ জন্য তাঁরা সভানেত্রীর কাছে নতুন কমিটির দাবি জানাবেন। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা পর্যায়ের একজন নেতা বলেন, ‘দল ক্ষমতায় থাকলেও জেলায় সংগঠনের অবস্থা ভালো নেই। জেলার নেতারা নিজেদের নিয়ে ব্যস্ত। আমরা নতুন নেতৃত্ব চাই। দলকে গতিশীল করতে চাই। এসব বিষয় সভায় তুলে ধরব।’তবে সুনামগঞ্জ আওয়ামী লীগ অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো রয়েছে দাবি করে ভারপ্রাপ্ত সভাপতি ও সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ মতিউর রহমান বলেন, সভায় কমিটি নিয়ে কোনো আলোচনা হবে না। তবে খুব শিগগির নতুন কমিটি হবে।