সুনামগঞ্জ ও কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের দোয়ারাবাজারে লক্ষ্মীপুর ইউনিয়নের গিরিশনগর এলাকায় সড়ক তলিয়ে গেছে। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
সুনামগঞ্জের দোয়ারাবাজারে লক্ষ্মীপুর ইউনিয়নের গিরিশনগর এলাকায় সড়ক তলিয়ে গেছে। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সুনামগঞ্জের সব নদীতে পানি বাড়ছে। দোয়ারাবাজারসহ ছয়টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কুড়িগ্রামেও ১৬টি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে চরাঞ্চল প্লাবিত হয়েছে।
সুনামগঞ্জ পৌর শহরের কাছে গতকাল বৃহস্পতিবার বিকেলে সুরমা নদীর পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বেলা তিনটায় সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করেন। বৈঠকে তিনি আগাম-বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন।
এ ছাড়া জেলা সদর, ছাতক, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভারী বর্ষণে সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানি না সরায় ভোগান্তিতে পড়েছেন ওই সব এলাকার মানুষ।
তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, এলাকার হাওর-নদী পানিতে ভরে গেছে। পানি বাড়ছে। বর্ষণ ও ঢল অব্যাহত থাকলে দু-এক দিনের মধ্যে তাহিরপুরে বন্যা হয়ে যাবে। বিশ্বম্ভরপুর উপজেলার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা স্বপন কুমার বর্মণ বলেন, বুধবার রাতে ভারী বর্ষণ হয়েছে। এ রকম বৃষ্টি হলে দুদিনের মধ্যে বন্যা দেখা দেবে।
পাউবোর কুড়িগ্রাম সূত্র গতকাল দুপুরে জানায়, গতকাল ভোর ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র ও ধরলায় পানি বৃদ্ধি পেয়েছে। তবে তিস্তার পানি কিছুটা কমেছে। ২৪ ঘণ্টায় চিলমারী পয়েন্টে ১৫১ ও কুড়িগ্রাম ধরলা পয়েন্টে ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে জেলার ওপর দিয়ে প্রবাহিত ১৬টি নদ-নদীর মধ্যবর্তী ৪২০টি চরের নিচু এলাকায় পানি উঠছে।
উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল করিম বলেন, ‘আমার নিজের বাড়িতে পানি উঠেছে। আরও অনেকের বাড়িতে পানি উঠেছে। অনেক পরিবার নদীভাঙনের শিকার হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।’ একই ইউনিয়নের বালাডোবা চরের দিনমজুর রুহুল আমিন বলেন, তাঁর এলাকায় ২০টি বাড়িতে পানি উঠেছে। সাহেবের আলগা ইউনিয়নের জাহাজের আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা বেগম বলেন, চরাঞ্চলের মানুষ আগাম বন্যা দেখে চিন্তিত। সবাই বলাবলি করছে, এবার বড় বন্যা হবে।
সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র, দুধকুমার ও গংগাধর তিনটি নদ-নদীর পানি দ্রুত বেড়ে বন্যা দেখা দিয়েছে। তিনটি নদ-নদীর পানি একাকার হয়ে চরগুলোতে ঢুকছে। চর পার্বতীপুরে গিয়ে দেখা যায়, এখানে একটি বেসরকারি বিদ্যালয়ে পানি উঠেছে। চরের ৭৫ বছরের বৃদ্ধ হায়দার আলী বলেন, ‘এবার নদীর ভাবগতি ভাল না বাহে। মনে হবার নাগছে, বড় বন্যা হইবে।’
কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী মাহাফুজার রহমান বলেন, ‘আমরা আগে থেকে পানির গতি-প্রকৃতির ওপর নজর রাখছি। পানি দ্রুত বাড়ছে।’