সুনামগঞ্জ ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ১০
সুনামগঞ্জ-সিলেট সড়কে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় দুটি লেগুনার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন। এদিকে বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় একই দিন সকালে প্রাইভেট কারের চাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন, সল্লা গ্রামের মৃত আবদুল শেখের স্ত্রী সোনা বানু (৮৫) ও তাঁঁর মেয়ে গোলাপ বেগম (৫৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলা শহর থেকে দক্ষিণ সুনামগঞ্জের পাগল এবং দক্ষিণ সুনামগঞ্জের ছয়হারা থেকে সুনামগঞ্জগামী যাত্রবাহী দুটি লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুটি লেগুনাই দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে এবং হাসপাতালে আরও চারজনের মৃত্যু হয়। আহত লেগুনাযাত্রীরা জানিয়েছেন, একটি লেগুনার চালক ছমির উদ্দিন মুঠোফোনে কথা বলতে বলতে সেটি চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর মুঠোফোন কানে লাগানো অবস্থাতেই তাঁর মৃতদেহ লেগুনার ভেতর থেকে উদ্ধার করেন স্থানীয় লোকজন। দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন, স্কুলশিক্ষার্থী মাসুম আহমদ (১০), রাসেল আহমদ (১২), চালক ছমির উদ্দিন (৩০), কানাই বৈদ্য (৪০), সুশীল পাল (৬০) ও মায়া রানী (৩২)। অপর লেগুনার চালক মিজানকেও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়রম্যান ফারুক আহমদ জানিয়েছেন, নিহত ব্যক্তিদের সবার বাড়িই তাঁর উপজেলার বিভিন্ন গ্রামে। সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ও দক্ষিণ সুনামগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শেদা জামান জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের মৃতদেহ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক মজিবুর রহমান জানান, সোমবার সকাল সাড়ে নয়টার দিকে সোনা বানু মেয়ে গোলাপের সঙ্গে রাস্তা অতিক্রম করার সময় একটি প্রাইভেট কার তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।