সুনামগঞ্জ ও নবীনগরে সংঘর্ষে আহত ৭৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জামালগঞ্জে খালে মাছ ধরা এবং দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নে বাজার বসানো নিয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। জগন্নাথপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হন। এদিকে আধিপত্য বিস্তার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। গতকাল রোববার এসব ঘটনা ঘটেছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:সুনামগঞ্জ: দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বসিয়াকাউরি গ্রাম ও বড়মোহা গ্রামে বাজার বসানো নিয়ে এই দুই গ্রামের লোকজনের মধ্যে বিরোধ চলছিল। দুই পক্ষই নিজ নিজ গ্রামে বাজার বসানোর চেষ্টা করছিলেন। গতকাল সকালে বসিয়াকাউরি গ্রামের লোকজন তাঁদের গ্রামের পাশে বাজার স্থাপনের জন্য দোকানঘর নির্মাণ শুরু করলে বড়মোহা গ্রামের লোকজন এসে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে হারিছ আলী খান (৫৫), আলমগীর মিয়া (২৮), জুলুন খান (৩৮), শ্যামল মিয়া (২৭) ও রাসেল মিয়াকে (২৩) সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একইদিন জামালগঞ্জের উজান দৌলতপুর ও ভাটি দৌলতপুর গ্রামের লোকজনের মধ্যে দুই গ্রামের পাশের একটি খালে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হন। আহত অশ্বিনী তালুকদার (৭০), কৃপেন্দ্র (৪০), চঞ্চল দাস (৬০), মিঠুন (২০) ও সেতু সরকারকে (৪৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জগন্নাথপুর (সুনামগঞ্জ): উপজেলার পাইলগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের তাজউদ্দিন ও সোহেল আহমদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। গতকাল বিকেলে সোহেলের পক্ষের লোকজন বিরোধপূর্ণ জমিতে স্থাপনা নির্মাণ করতে গেলে প্রতিপক্ষের লোকজন তাতে বাধা দেয়। এ নিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ২৫ জন আহত হয়। গুরুতর আহত লাল মিয়া (৪০), দুদু মিয়া (৩৭) ও সাহেদা বেগমকে (৩৫) সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): রতনপুর ইউনিয়নের ডোবাচাইল ও পাশের বাজিবিশারা গ্রামে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর মধ্যে এক পক্ষের নেতৃত্বে আছেন রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাজিবিশারা গ্রামের রুহুল আমীন ও ডোবাচাইল গ্রামের আবুল হোসেন সরদার। অপর পক্ষের নেতৃত্বে আছেন উপজেলা বিএনপির সদস্য ডোবাচাইল গ্রামের জালাল মিয়া ও বাজিবিশারা গ্রামের মাহতাব মিয়া। এ নিয়ে গতকাল সকাল নয়টার দিকে দুই পক্ষের লোকজন ডোবাচাইল গ্রামের বীরহাটি এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হন। এ সময় পাঁচটি বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।আহত ব্যক্তিদের মধ্যে ডোবাচাইল গ্রামের আবুল কাশেম (৫০), শিশু মিয়া (৫৫), ওয়ালি মিয়া (৪৫) ও মোশারফ হোসেনকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।