সুনামগঞ্জ ও নিকলীতে সংঘর্ষে ৫৪ জন আহত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় গতকাল বুধবার পাওনা টাকা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দুই দফা সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ ৫০ জন আহত হয়েছে। একই দিন কিশোরগঞ্জের নিকলী উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত হয়েছে। হামলাকারীরা একটি ঘরে আগুন ধরিয়ে দিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের আখতার মিয়া পার্শ্ববর্তী রাজনপুর গ্রামের জামাল উদ্দিনের কাছে পাঁচ হাজার টাকা পাওনা ছিলেন। মঙ্গলবার রাত আটটার দিকে ওই টাকা চাইতে গেলে আখতার মিয়া ও জামাল উদ্দিনের মধ্যে কথা-কাটাকাটি এবং পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার জের ধরে গতকাল সকাল নয়টার দিকে আবার দুই গ্রামের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামের পাশের একটি মাঠে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ সংঘর্ষ থামাতে কাঁদানে গ্যাসের কয়েকটি সেল নিক্ষেপ করে। দুই দফা সংঘর্ষে মঞ্জুর আহমদ নামের এক পুলিশ সদস্যসহ উভয় পক্ষের ৫০ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে আজর আলী, মখলিছ আলী ও তাজির আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম নেওয়াজ জানান, দুই দফা সংঘর্ষে এক পুলিশ সদস্য ও উভয় পক্ষের ৩০ থেকে ৪০ জন আহত হয়েছে। কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।
নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের নয়াহাটি গ্রামের জমির আলীর (৭০) সঙ্গে একই গ্রামের তাজু মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল দুপুরে তাজু মিয়া ও জমির আলীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাজু মিয়ার লোকজন জমির আলীর বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় জমির আলী, তাঁর ছেলে হাবীব, মিয়া হোসেন, মেয়ে সোয়েনা আহত হয়। পরে হামলাকারীরা জমির আলীর বসতঘরে আগুন ধরিয়ে দেয়।
আহত জমির আলীসহ তিনজনকে নিকলী সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত সোয়েনাকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর তাজু মিয়ার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।