সুনামগঞ্জ ও নেত্রকোনায় পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ ও নেত্রকোনার সদর উপজেলায় পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। গত রোববার দক্ষিণ সুনামগঞ্জের দামোধরতপি ও নেত্রকোনা সদরের মেদনী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হচ্ছে দামোধরতপি গ্রামের তজিবুর রহমানের মেয়ে হালিমা (৮) ও ছেলে সাজিদ (৬) এবং মাহমুদপুর গ্রামের জহির আলীর ছেলে শাহেদ আলী (৯)। এ ছাড়া নেত্রকোনা সদর উপজেলার মেদনী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে কবিতা (৬) ও বারহাট্টা উপজেলার ইসলামপুর গ্রামের রঞ্জু মিয়ার মেয়ে জান্নাত (৭)।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পুর্বপাগলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম খান ও ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সাইফুল মিয়া বলেন, গত রোববার সুনামগঞ্জ-সিলেট সড়কের ওপর দামোধরতপি গ্রামের নারী-পুরুষেরা ধান শুকাচ্ছিলেন। এ সময় শিশুরাও তাদের সঙ্গে ছিল। বিকেল চারটার দিকে তিন শিশুকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সড়কের পাশের খালের পানিতে তিনজনের লাশ দেখতে পান তাঁরা।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, ‘মনে হয় খালের পাড়ে খেলতে গিয়েই শিশুরা পানিতে পড়ে গিয়েছিল। কেউ তাদের দেখতে পায়নি।’
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার বারহাট্টা উপজেলার ইসলামপুর গ্রামের রঞ্জু মিয়ার স্ত্রী তাঁর মেয়ে জান্নাতকে নিয়ে সদর উপজেলার মেদনী গ্রামের বড় বোনের বেড়াতে আসেন। রোববার বিকেলে জান্নাত ও তার খালাতো বোন কবিতা খেলাধুলা করতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। রাত সাড়ে আটটার দিকে বাড়ির পাশে পুকুরে তাদের লাশ ভাসতে দেখেন তাঁরা। পরে তাঁরা তাদের সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
নেত্রকোনা মডেল থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরিবার পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশু দুটির লাশের ময়নাতদন্ত হয়নি।