সুনামগঞ্জ ও ময়মনসিংহে এক মঞ্চে প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ ও ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা একমঞ্চে দাঁড়িয়েছেন। নির্বাচিত হলে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন বলে প্রার্থীরা প্রত্যয় ব্যক্ত করেছেন। স্থানীয় সরকার প্রশাসনকে দুর্নীতিমুক্ত করারও ঘোষণা দেন তাঁরা।
টিআইবির সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটি (সনাক) শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে গতকাল শনিবার সকালে যোগ্য প্রার্থী নির্বাচনের লক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করে।
সুনামগঞ্জ সনাকের সভাপতি নূরুর রব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে চার প্রার্থী বক্তব্য দেন। তাঁরা হলেন বিএনপি-সমর্থিত প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরিন, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জুনেদ আহমদ, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আবু সুফিয়ান ও জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী রশিদ আহমঞ্চদ। শুভেচ্ছা বক্তব্য দেন সুনামগঞ্জ সনাকের সাবেক সভাপতি অধ্যাপক পরিমল কান্তি দে, প্রবীণ শিক্ষক ধূর্জটি কুমার বসু প্রমুখ।
অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে প্রার্থীরা ভোটারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় তাঁরা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে প্রধান বাধা দুর্নীতি। জনগণকে সঙ্গে নিয়ে স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করা সম্ভব। এ জন্য সৎ ও যোগ প্রার্থীকে নির্বাচিত করতে হবে।
একই দিন ময়মনসিংহ শহরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে দুপুর ১২টার দিকে সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থীদের জনগণের মুখোমুখি করতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও সনাক ময়মনসিংহ জেলা শাখা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আফাজ উদ্দিন সরকার ও ফয়জুর রহমান ফকির, বিএনপি-সমর্থিত প্রার্থী কামরুল ইসলাম মো. ওয়ালিদ, ইসলামী সমমনা দল-সমর্থিত প্রার্থী মনসুরুল হক খান উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আশরাফ হোসাইন ও জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী মো. আবদুল মালেক অনুষ্ঠানে ছিলেন না।
অনুষ্ঠানের শুরুতেই চার প্রার্থী উপস্থিত ভোটারদের সামনে নিজেদের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। এরপর তাঁরা উপস্থিত ভোটাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রত্যেক প্রার্থীই নির্বাচিত হলে উপজেলার উন্নয়ন ও উপজেলা পরিষদ আইন বাস্তবায়নের লক্ষ্যে সততার সঙ্গে কাজ করার কথা বলেন। পাশাপাশি গ্রহণযোগ্য নির্বাচন হলে ফলাফল মেনে নেওয়ার অঙ্গীকার করেন।
সুনামগঞ্জ ও ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের নির্বাচন ২৭ ফেব্রুয়ারি হবে।