সুনামগঞ্জ পৌর এলাকায় গতকাল সোমবার সকাল থেকে রাত আটটা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকায় বিএনপির বিবদমান দুই পক্ষ শহরে কোনো ধরনের মিছিল-সমাবেশ করতে পারেনি। একই কারণে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সমাবেশ করতে পারেনি ইসলামী আইন বাস্তবায়ন কমিটি ও স্থানীয় যুবলীগ।জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিকে সামনে রেখে নাছির-জাকেরীন-মিলন ও ফজলুল হক আছপিয়া পক্ষ গতকাল শহরে একই সময় পৌর শহরে মিছিল-সমাবেশের ঘোষণা দেয়। এ নিয়ে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে জেলা প্রশাসন গত রোববার রাতে পৌর শহরে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।প্রত্যক্ষদর্শীরা জানান, ১৪৪ ধারার কারণে নাছির-জাকেরীন-মিলন পক্ষের নেতা-কর্মীরা বেলা ১১টার দিকে শহরের বাইরে সুনামগঞ্জ-সিলেট সড়কের হাসন রাজা তোরণের সামনে জমায়েত হন। পরে মিছিল নিয়ে শহরে ঢুকতে চাইলে পুলিশি বাধা পেয়ে সেখানেই মিছিল ও সমাবেশ করেন তাঁরা। এ সময় সুনামগঞ্জ-সিলেট সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।এদিকে দুপুরের দিকে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ফজলুল হক আছপিয়া অংশের নেতা-কর্মীরা জমায়েত হন শহরের বাইরে ধারারগাঁও এলাকায়। শহরে ঢুকতে না পেরে সেখানে মিছিল-সমাবেশ করেন তাঁরা। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেছেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই ১৪৪ ধারা জারি করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, দুই পক্ষই শহরে ঢুকতে চেয়েছিল। কিন্তু পুলিশি বাধা পেয়ে শহরের বাইরে তারা মিছিল-সমাবেশ করে।জানা গেছে, জাতীয় নারী উন্নয়ন নীতিমালা বাতিল ও ইসলামী আইন বাস্তবায়নের দাবিতে গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ শাহি ঈদগাহ মাঠে সমাবেশের ডাক দেয় স্থানীয় ইসলামী আইন বাস্তবায়ন কমিটি। একই সময় সেখানে জাতীয় নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়ন ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সমাবেশের ডাক দেয় উপজেলা যুবলীগ।সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেলাল উদ্দিন জানান, উভয় পক্ষ রোববার বিকেলে তাঁর কার্যালয়ে গিয়ে লিখিত দেয়, তারা ওই স্থানে পূর্বঘোষিত কর্মসূচি পালন করবে না। কিন্তু সন্ধ্যার পর আমিনীর লোকজন প্রচার করতে থাকে, তারা সমাবেশ করবেই। তাই বাধ্য হয়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে ইউএনও জানান।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা সদর ও কালীকচ্ছ ঈদগাহ মাঠের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।