সুনামগঞ্জ ছাত্রলীগের কমিটি অনুমোদন, বিক্ষোভ
কেন্দ্র থেকে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের ১০ সদস্যের নতুন কমিটি অনুমোদনের প্রতিবাদে গতকাল মঙ্গলবার সুনামগঞ্জে বিক্ষোভ করেছেন জেলা ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। তাঁরা সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্লোগান দেন ও তাঁদের কুশপুত্তলিকা দাহ করেন। দলীয় সূত্রে জানা যায়, গত সোমবার ঢাকা থেকে ফজলে রাব্বীকে সভাপতি ও রফিকুল আহমেদ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের ১০ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্য সদস্যরা হলেন: সহসভাপতি সুব্রত চন্দ্র সরকার, মো. সাহাবুউদ্দিন আহমেদ, জাবির আহমদ ও মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক মো. এমদাদুল হক, রাসেল আহমেদ ও মিন্টু চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ। এই কমিটিকে আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ফজলে রাব্বী ও ফারুক আহমদ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান অবনিমোহন দাসের ওপর হামলার ঘটনায় করা দ্রুত বিচার আইনের মামলার আসামি। মো. এমদাদুল হক সুনামগঞ্জ-৪ আসনের (সদর ও বিশ্বম্ভরপুর) সাংসদ মতিউর রহমানের ব্যক্তিগত সহকারী। জেলা ছাত্রলীগের সর্বশেষ কমিটি গঠন হয় ২০০১ সালে।এঁদের অনেকেই অছাত্র, ব্যবসায়ী, চাঁদাবাজ উল্লেখ করে কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে নিয়মিত ছাত্রদের নিয়ে কমিটি গঠনের দাবি জানিয়ে গতকাল শহরে বিক্ষোভ করেন ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। বিক্ষোভ শেষে ট্রাফিক পয়েন্টের সমাবেশে বক্তব্য দেন রাজীব সেন, আবু লেইছ, মাহবুবুল হক প্রমুখ। জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী বলেন, ‘নতুন কমিটির বিষয়টি শুনেছি। এখানে নানাভাবে বিতর্কিত ও অছাত্র রয়েছেন। এ কারণেই নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়েছেন।’ নতুন কমিটির সভাপতি ফজলে রাব্বী বলেন, ‘এই কমিটির সবাই নিয়মিত ছাত্র। সবাই সংগঠনের ত্যাগী নেতা। গঠনতন্ত্র মোতাবেক তাঁরা কমিটিতে স্থান পেয়েছেন।’